ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবল আয়োজনের প্রস্তুতি নিয়ে ব্রাজিলের তীব্র সমালোচনা করেছে ফিফা। ব্রাজিলও পাল্টা সমালোচনা করে বলেছে, ফিফা মুনাফা লুটতে চাইছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) মহাসচিব জেরোম ভাল্কে বলেছেন, প্রস্তুতির কাজ সময় মতো এগোচ্ছে না। তাই সংগঠকদের পেছন থেকে ধাক্কা দেয়া দরকার। কেননা সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।
এবারই প্রথম নয়, মাঝে মধ্যেই তিনি প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
কিন্তু ছেড়ে কথা বলেননি ব্রাজিলের ক্রীড়া মন্ত্রী আলদো রেবেলোও। ব্রাজিলে সাংবাদিকদের তিনি বলেন, তিনি অগ্রাধিকার দিচ্ছেন আদিবাসী ইন্ডিয়ান ও নিু আয়ের লোকজনের খেলা দেখার ব্যবস্থা করার ওপর। আর ফিফা চাইছে মূনাফা লুটতে।
ফিফা মূলত পরিবহন ও থাকার ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন। এছাড়া মাঠে বিয়ার বিক্রির অনুমতির সঙ্গে সংশ্লিষ্ট বিশ্বকাপ আইন পাশের কাজ আমলাতান্ত্রিক জটিলতার কারণে দ্রুত এগোচ্ছে না বলেও উদ্বিগ্ন আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ভাল্কে সাংবাদিকদের বলেন, “কাজ কেন দ্রুত এগোচ্ছে না, তা আমি বুঝতে পারছি না।” স্টেডিয়ামের কাজও সময় মতো এগোচ্ছে না বলে উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, “অনেক বিষয়ে কেন এতো দেরি হচ্ছে?”
তবে তিনি এ কথাও বলেন যে, প্রতিযোগিতাটি সময় মতোই হবে। সেই সঙ্গে ফুটবল ভক্তদের সাবধান করতে গিয়ে বলেন, তবে তাদের দুর্ভোগ পোহাতে হতে পারে।
বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা হবে ২০১৪ সালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫২ ঘ.
bdnews24