ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলার সময় মাথায় আঘাত পাওয়ায় হাসপাতালে নিতে হয় নেদারল্যান্ডসের ক্লাস-জান হান্টেলার ও ইংল্যান্ডের ক্রিস স্মলিংকে। হান্টেলারের গোল করার সময় তার মাথা ধাক্কা খায় স্মলিংয়ের মাথার সঙ্গে।
প্রীতি এই খেলায় বুধবার নেদারল্যান্ডস ৩-২ গোলে জেতে ইংল্যান্ডের বিপক্ষে।
খেলার ৫৯ মিনিটে মাথা দিয়ে গোল করেন হান্টেলার। সেই বল মাথা দিয়ে ‘ক্লিয়ার’ করতে গিয়েছিলেন স্মলিং। সে সময় তার মাথার সঙ্গে হান্টেলারের মাথার ধাক্কা লাগলে দু’জনই পড়ে যান মাটিতে।
পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয় স্মলিংকে। আর মাথায় ব্যান্ডেজ বেঁধে হাঁটতে হাঁটতে মাঠ ত্যাগ করেন শালকের আক্রমণভাগের খেলোয়াড় হান্টেলার।
ওলন্দাজ কোচ বার্ট ভন মারউইক সাংবাদিকদের বলেন, “হান্টেলারের ক্ষতি হয়েছে মনে করে তাকে আমরা হাসপাতালে নিয়ে যাই। কিন্তু আমরা নিশ্চিতভাবে এখনো কোনো কিছু জানি না।”
ইংল্যান্ডের অন্তবর্তীকালীন কোচ স্টুয়ার্ট পিয়ার্স বলেন, “পরীক্ষা-নিরীক্ষা করার জন্য স্মলিংকে হাসপাতালে নেয়া হয়।” তবে তার মাথা ফেটে গেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫০৭ ঘ.
.
bdnews24