ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ মৌসুম শেষ হওয়ার পর হোসে মরিনহো রিয়াল মাদ্রিদে থাকবেন কি না, সে ব্যাপারে কিছুই জানেন না দলের অধিনায়ক ইকার ক্যাসিয়াস।
বিভিন্ন খবরে বলা হচ্ছে, এই গ্রীষ্মে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে চলে যাওয়ার কথা চিন্তাভাবনা করছেন মরিনহো। এরই মধ্যে ৪৯ বছর বয়স্ক এই কোচকে লন্ডনে দেখা গেছে। সেখানে তিনি বাড়ি খুঁজছিলেন বলে স্পেনের বিভিন্ন প্রচার মাধ্যমে বলা হয়।
এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ক্যসিয়াস বলেন, “এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। তিনি কি করবেন, আর কি করবেন না, সে ব্যাপারে আমি কিছুই জানি না।”
“এ কথা খাটে আমার বেলাতেও। আগামীকালই আমি রিয়াল ছেড়ে চলে যেতে চাইতে পারি। আসলে কেউ জানে না, ভবিষ্যতে কি ঘটতে পারে,” যোগ করেন তিনি।
এর আগে মরিনহো বলেছিলেন, আগামী কয়েক বছরের মধ্যে তিনি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে ফিরতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৫৭ ঘ.
bdnews24