২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের সঙ্গে মুক্তিযোদ্ধার ড্র

টানা চার ম্যাচ জয়ের পর গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম পয়েন্ট হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 01:41 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা চার ম্যাচ জয়ের পর গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম পয়েন্ট হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। ম্যাচের ৬২ মিনিটে মুক্তিযোদ্ধা অবশ্য মোহামেডানের জালে বল পাঠিয়েছিলো। তবে ডিফেন্ডার আরিফুল ইসলামের শট ক্রস বারে লেগে জালে জড়ালেও রেফারি তৈয়ব হাসান বাবু অফসাইডের কারণে গোল দেননি মুক্তিযোদ্ধাকে। এ নিয়ে মাঠে খানিকটা উত্তেজনাও ছড়ায়। মুক্তিযোদ্ধা অবশ্য জয় পাওয়ার মতো খেলেওনি। তাদের আক্রমণগুলো থেমে গেছে মোহামেডানের রক্ষণভাগ পর্যন্ত এসে। মোহামেডানের কৌশলী ফুটবল মুক্তিযোদ্ধার আক্রমণের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। তুলনামূলকভাবে মোহামেডান ছিলো উজ্জীবিত। অপেক্ষাকৃত দুর্বল ও অগোছালো দল নিয়েও তারা মুক্তিযোদ্ধাকে রুখে দিয়েছে। এমনকি জিততেও পারতো ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির। কিন্তু ৮২ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মোহামেডানের স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ। ড্র করলেও মুক্তিযোদ্ধার শীর্ষস্থান অক্ষুন্নই আছে। ৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান ষষ্ঠ। ম্যাচশেষে মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক মোহামেডানের নেতিবাচক ফুটবলের সমালোচনা করেন। তিনি বলেন, “মোহামেডানের খেলোয়াড়রা শারীরিক শক্তি প্রয়োগ করে খেলেছেন। তারা ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করেছেন। তাই খেলার গতিও কমে গেছে। এমন নেতিবাচক কৌশল ফুটবলের জন্য ভালো নয়।” প্রতিপক্ষ কোচের সমালোচনাকে অবশ্য একদমই পাত্তা দেননি এমেকা ইউজিগো। মোহামেডানের কোচ বলেন, “আমরা যে কৌশলী ফুটবল খেলেছি, তা ঠিক। কিন্তু নেতিবাচক নয়। এই দল নিয়েও জিততে না পারায় মুক্তিযোদ্ধার কোচের বরং লজ্জা পাওয়া উচিৎ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৩৮ঘ.