২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ স্পোর্টস ডিরেক্টরি প্রকাশিত

দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে স্পোর্টস ডিরেক্টরি। স্পোর্টস ভিশনের উদ্যোগে এবং এবি ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বইটি প্রকাশিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 02:34 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে স্পোর্টস ডিরেক্টরি। স্পোর্টস ভিশনের উদ্যোগে এবং এবি ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বইটি প্রকাশিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের বই প্রকাশিত হলো। এই বইয়ে আছে খেলাধূলার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত প্রত্যেক ব্যক্তির ফোন নম্বর। প্রত্যেক জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং দেশের প্রতিটি স্কুলের ক্রীড়া শিক্ষকের ফোন নম্বরও আছে এই বইয়ে। স্পোর্টস ভিশনের ২৩ জন দক্ষ কর্মী এই কঠিন কাজটি করেছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তথ্য সংগ্রহ করেছেন তারা। ৬১৬ পৃষ্ঠার বইটির দাম ৫০০ টাকা। তবে ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য দাম রাখা হয়েছে ৩০০ টাকা। এমন গুরুত্বপূর্ণ কাজ করার জন্য বাণিজ্যমন্ত্রী স্পোর্টস ভিশনের ভীষণ প্রশংসা করেন। তিনি বলেন, “বইটি দেখেই মনে হয়েছে অনেক তথ্য একত্র করা হয়েছে। যার ব্যবহার হবে বহুবিধ। আর ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা তো উপকৃত হবেনই।” বইটির পৃষ্ঠপোষক এবি ব্যাংকের সভাপতি ওয়াহিদুল হক এমন কাজের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেদের গর্বিত মনে করছেন। তিনি বলেন, “এই বইটির মাধ্যমে সারা দেশের ক্রীড়াঙ্গন এক মলাটের নিচে এসেছে। আর এমন অসাধ্য কাজ করার জন্য স্পোর্টিস ভিশন প্রশংসার দাবি রাখে।” “ব্যাংকিং সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগেও অংশ নিয়ে থাকে এবি ব্যাংক। সেই দায়বদ্ধতার কারণে আমরা এই কাজটির সঙ্গে যুক্ত হয়েছি। ভবিষ্যতে এমন উদ্যোগে আমরা সব সময়ই পাশে থাকবো, ”যোগ করেন এবি ব্যাংকের সভাপতি। এমন একটি বই প্রকাশ করতে পেরে স্পোর্টস ভিশনের সভাপতি ক্যাপ্টেন সাইফুর রহমানও আনন্দিত। তিনি বলেন, “এই কাজটি সম্পন্ন করতে আমরা অনেকেরই সহযোগিতা পেয়েছি। ভবিষ্যতে এমন আরো উদ্যোগ বাস্তবায়নের জন্য আমরা সরকারের উচ্চমহলের সহযোগিতা কামনা করছি।” “এখন ইংরেজিতে বইটি প্রকাশিত হয়েছে। ২০১৩ সালের ফেব্র“য়ারিতে এটির বাংলা সংস্করণও প্রকাশিত হবে,” যোগ করেন স্পোর্টস ভিশনের সভাপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুব আনাম । তিনি বলেন, “এমন একটি কঠিন কাজ করার জন্য স্পোর্টস ভিশন সাধুবাদ পেতেই পারে । দেশের ক্রীড়াঙ্গনের অনেক তথ্যই সংরক্ষণ করা হয় না। আশা করি ভবিষ্যতে স্পোর্টস ভিশন ক্রীড়াঙ্গনের সমস্ত তথ্য সংরক্ষণের উদ্যোগ নেবে।” দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন স্পোর্টস ভিশন এমন একটি কঠিন কাজ করতে পেরেছে বলে ভীষণ অবাক। তিনি বলেন, “প্রথমে আমার বিশ্বাসই হয়নি তারা এমন একটি কাজ করতে পেরেছে। আমার মনে হয় ক্রীড়া সাংবাদিকরাই এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩০ঘ.