ঢাকা, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পায়ের সঙ্গে পাল্লা দিয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মাথাও যে সমান তালে চলে রোববার তারা দু’জনই তা দেখিয়ে দিলেন। মেসি দেখালেন আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে। আর রায়ো ভালেকানোর বিপক্ষে রোনালদো। তাদের কুশলী ফুটবলের ওপর ভর করে মেসির দল জেতে ২-১ গোলে। ১-০ ব্যবধানে জেতে রোনালদোর দল।
ফলে দশ পয়েন্টের ব্যবধান রয়েই গেল লা লিগার সেরা দুই শক্তির মধ্যে।
আতলেটিকোর রক্ষণভাগকে অপ্রস্তুত অবস্থায় ফেলে খেলার ৮১ মিনিটে জয়সূচক গোলটি মেসি, ফ্রি-কিক থেকে। আর মাদ্রিদ প্রতিবেশী রায়োর সঙ্গে খেলার একমাত্র গোলটি করেন রোনালদো, আকস্মিকভাবে ‘ব্যাকহিল’ করে। বলটি জাল স্পর্ষ করার সঙ্গে সঙ্গে রায়োর খেলোয়াড়দের চোখে-মুখে ফুটে ওঠে বিস্ময়।
এটি ছিল মেসির লিগে ২৮তম গোল। তারপরও শীর্ষ গোলদাতা রোনালদোর চেয়ে পিছিয়ে আছেন তিনি এক গোলে। এই রোনালদোর কাছ থেকে বর্ষসেরার মুকুট নিয়ে মাথায় পড়েছিলেন মেসি। এরপর টানা তিন বছর ধরে সেই মুকুট শোভা পাচ্ছে তার মাথায়।
হোসে মরিনহোর দল ২৪ খেলায় ৬৪ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। পেপ গার্দিওলার বার্সা আছে দশ পয়েন্ট পিছিয়ে। আরো ১৪ পয়েন্ট পিছিয়ে আছে ভালেন্সিয়া। ঘরের মাঠে রোববার ২-১ গোলে হেরে যায় তারা সেভিয়ার কাছে।
শ্বাসরুদ্ধকর খেলায় দানি আলভেসের গোলে এগিয়ে যায় বার্সা খেলার ৩৬ মিনিটে। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর পর আতলেটিকোকে খেলায় ফেরান রাদামেল ফালকাও।
দুই দলের টান টান উত্তেজনা, সুন্দর ও উপভোগ্য ফুটবলের মধ্যেও মেসির তুলনা যে মেসিই, তা তিনি দেখিয়ে দেন ফ্রি-কিক নেয়ার মধ্য দিয়ে। কিক নেয়ার ঠিক আগ মুহূর্তে মেসি দেখতে পান আতলেটিকো গোলরক্ষক বেরিয়ে আসছেন তার জায়গা ছেড়ে। এদিকে রক্ষণভাগের খেলোয়াড়রা গড়ে তোলেন দেয়াল। সেই দেয়াল ও আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে সামান্য বাঁক নিয়ে মেসির ফ্রি-কিক জড়িয়ে যায় জালে। গোলটি মেনে নিতে কষ্ট হচ্ছিল আতলেটিকোর খেলোয়াড়দের, তাদের শরীরের ভাষায় স্পষ্ট হয়ে ওঠে তা।
এর আগে রায়োর ছোট্ট স্টেডিয়ামে রোনালদো তার গোলটি করেন খেলার ৫৪ মিনিটে। তখন রায়োর গোলমুখে চলছিল খেলোয়াড়দের জটলা। অতো খেলোয়াড়ের ভেতর দিয়ে রোনালদোর ‘ব্যাকহিল’টি যে কিভাবে গোল-লাইন অতিক্রম করে গেল, সেটা নিঃসন্দেহে বিস্ময়ের। বিস্মিত হয়ে পড়েন প্রতিপক্ষের রক্ষণভাগ ও গোলরক্ষকও।
খেলা শেষে রোনালদো সাংবাদিকদের বলেন, “আমি বলটিকে কেবল ‘ব্যাকহিল’ করি। এর পর দেখি গোলরক্ষকসহ প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়দের চোখে-মুখে বিস্ময়।”
“আমি অবশ্য খুব জোরেই ব্যাকহিল করি, যাতে বলটি আটকানোর সুযোগ কেউ না পায়,” যোগ করেন তিনি।
তবে অ্যাঞ্জেল ডি মারিয়া ও করিম বেনজেমার অনুপস্থিতিতে গোলের সুযোগ বলতে গেলে সৃষ্টিই করতে পারছিল না রিয়াল। চোট পাওয়ায় দর্শক হয়ে আছেন দু’জনই।
খেলার শেষ দিকে তো বড় বাঁচা বেঁচে যায় তারা। গোল করার তিনটে চমৎকার সুযোগ হেলায় নষ্ট করে রায়ো।
খেলা শেষে রায়োরই প্রশংসা করে মরিনহো, “ড্র হলে খেলার ফলাফল হতো যথার্থ। কেননা এক কথায় রায়ো ছিল অসাধারণ।
দিনের অন্যান্য খেলায় ভিয়ারিয়াল ২-০ গোল অ্যাথলেটিক বিলবাওকে, ওসাসুনা ২-১ গোলে গ্রানাদাকে ও রিয়াল সোসিয়েদাদ ১-০ গোলে মালোর্কাকে হারায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৫২ ঘ.
bdnews24