ঢাকা, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অ্যাথলেটিক্সের ১০০ মিটার ¯িপ্রন্টে যথারীতি পুরনোদেরই প্রাধান্য। ১০.৬০ সেকেন্ডে দ্রুততম মানব হয়েছেন সেনাবাহিনীর মোহন খান। দ্রুততম মানবী হতে বিজেএমসির নাজমুন নাহার বিউটি সময় নিয়েছেন ১২.১০ সেকেন্ড।
এটি বিউটির টানা সপ্তম এবং মোহনের টানা দ্বিতীয় ১০০ মিটার জয়ের কৃতিত্ব।
জাতীয় অ্যাথলেটিক্সের ইতিহাসে একটানা এতো বার কেউ সোনা জিততে পারেননি। সপ্তম বারের মতো দেশের দ্রুততম মানবী হতে পেরে বিউটি অভিভূত। তিনি বলেন, “প্রতিটি সফলতা, প্রতিটি পদক আমার কাছে সন্তানের মতো। তাই যতবার জিতেছি, ততবারই নতুন করে ভালো লেগেছে।”
মোহনও উচ্ছ্বসিত। তিনি বলেন, “এই পদক জেতার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার প্রধান লক্ষ্য সাউথ এশিয়ান গেমসে ভালো করা। প্রস্তুতিটাও সেভাবেই নিচ্ছি।”
এবারও জাতীয় অ্যাথলেটিক্সের শ্রেষ্ঠত্ব বাংলাদেশ সেনাবাহিনীর। ১৫টি সোনা, ৯ টি রুপা ও ৯টি ব্রোঞ্জ জিতেছে তারা। ১১ টি সোনা, ১৫ টি রুপা ও ৬ টি ব্রোঞ্জ জিতে বিজেএমসি হয়েছে দ্বিতীয়। ৪ টি সোনা, ২টি রুপা ও ৫টি ব্রোঞ্জ পাওয়া বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান তৃতীয়।
এদিকে ৫ হাজার মিটারে শেষ পর্যন্ত সোনার পদক ফিরে পেয়েছেন চট্টগ্রাম জেলার আমির আলী সাগর। অবশ্য এককভাবে নয়, সেনাবাহিনীর জামরুল ইসলামের সঙ্গে যৌথভাবে পদক দেয়া হয়েছে তাকে।
এ প্রসঙ্গে অ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি আলী ইমাম তপন জানিয়েছেন, “সব কিছু বিচার- বিশ্লেষণ করে আমাদের মনে হয়েছে সাগর এই পদকের যোগ্য দাবিদার। তাই তাকে পদক ফিরিয়ে দেয়া হয়েছে। আর ঐ ইভেন্টে দায়িত্ব পালনে অবহেলার কারণে প্রধান বিচারক আব্দুল খালেককে অব্যাহতি দেয়া হয়েছে।”
যৌথভাবে হলেও পদক ফিরে পেয়ে সাগর খুশি। তিনি বলেন, “প্রমাণ করেছি পদকটা আমিই জিতেছি। তাই আমার কোনো আফসোস নেই। আর কোনো অভিযোগও নেই।”
এদিকে অসংলগ্ন কথা বলার জন্য সেনাবাহিনীর কোচ কিতাব আলীকে সতর্ক করে দিয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন। প্রতিযোগিতার প্রথম দিনে সাগর সোনা জেতার পর কিতাব আলী বলেছিলেন, অপরিচিত কারো পক্ষে এই ইভেন্টে সোনা জেতা সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৭ঘ.
bdnews24