ঢাকা, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লারস বেন্ডারের জোড়া গোলের ওপর ভর করে কোলোনকে ২-০ গোলে হারিয়ে শনিবার বুন্ডেসলিগার পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে গেছে বেয়ার লেভারকুসেন। সেই সঙ্গে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে কোচ রবিন ডাটের মনে।
লিগে নিজেদের শেষ সাত খেলায় মাত্র দু’টোতে জয় পাওয়ায় চাপের মুখে ছিলেন গতবারের রানার্স-আপ লেভারকুসেন কোচ। খেলার ১৬ মিনিটে গোল করে তার মুখে হাসি ফিরিয়ে আনেন বেন্ডার। ভেডরান করলুকার ‘হেড’ মাত্র এক গজ দূর থেকে জালে পাঠাতে কোনো অসুবিধা হয়নি তার।
দ্বিতীয়ার্ধের প্রথম দিকে দলের জয় নিশ্চিত করেন ২২ বছর বয়সী প্রতিভাবান এই খেলোয়াড়। রেনাটো অগুস্টোর বাড়িয়ে দেয়া বলে বাঁ পায়ে প্রচণ্ড শট নেন তিনি। আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে বল আশ্রয় খুঁজে নেয় জালে।
দিনের অন্যান্য খেলায় নুরেমবার্গ ১-০ গোলে ওয়ের্ডার ব্রেমেনকে, হফেনহেইম ২-১ গোলে উলফসবুর্গকে, স্টুটগার্ট ৪-১ গোলে ফ্রেইবুর্গকে, মেইনজ ৪-০ গোলে কাইজারস্লটার্নকে ও অগসবুর্গ ৩-০ গোলে হার্থা বার্লিনকে হারায়।
লেভারকুসেনের পয়েন্ট ২৩ খেলায় ৩৭। সমান খেলায় কোলনের ২৪।
বরুসিয়া ডর্টমুন্ড ২২ খেলায় ৪৯ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। দ্বিতীয় দল বরুসিয়া মনচেনগ্লাডবাখের পয়েন্ট ৪৭। তবে একটি ম্যাচ বেশি খেলেছে দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৪৭ ঘ.
bdnews24