ঢাকা, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লা লিগার শিারোপার দৌড়ে অনেকখানি পিছিয়ে পড়েছে লেভান্তে ও এসপানিওল, দু’দলই। তবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা করতেই পারে তারা। অবশ্য শনিবার এসপানিওলকে ২-১ গোলে হারিয়ে সেই লড়াইয়ে আপাতত এগিয়ে গেছে লেভান্তে।
কর্নেয়া স্টেডিয়ামে খেলা ড্র-এর দিকেই এগোচ্ছিল। ঘড়ির কাটা ৮৯ মিনিটের ঘরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে লেভান্তের পক্ষে জয়সূচক গোল করেন রুবেন সুয়ারেজ। তার ফ্রি-কিক একজন খেলোয়াড়ের গায়ে লেগে আশ্রয় নেয় জালে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে নয় খেলায় এই প্রথম জয়ের মুখ দেখলো দলটি।
এর আগে খেলার ধারার বিপরীতে ২৫ মিনিটে এসপানিওলের সাবেক খেলোয়াড় ভালদো এগিয়ে নেন লেভান্তেকে।
বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নেমে খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে এসপানিওলকে খেলায় ফেরান দলের নাইজেরিয়ার আক্রমণভাগের খেলোয়াড় কালু উচে।
ভালেন্সিয়া ভিত্তিক দলটি ২৪ খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে আছে তালিকার চতুর্থ স্থানে, পঞ্চম দল মালাগার চেয়ে এক পয়েন্ট বেশি। এর আগের খেলায় দলটি তালিকার একেবারে নিচের দল রিয়াল জারাগোজাকে হারায় ৫-১ গোলে।
এসপানিওল ৩৩ পয়েন্ট নিয়ে আছে তালিকার ষষ্ঠ স্থানে। অ্যাথলেটিক বিলবাও’রও পয়েন্ট ৩৩। রোববার অতিথি হয়ে তাদের খেলতে যাওয়ার কথা ভিয়ারিয়ালের মাঠে। এই খেলায় জিতলে লেভান্তেকে পেছনে ফেলে বিলবাও উঠে যাবে চার নম্বরে।
তালিকার শীর্ষ দল রিয়াল মাদ্রিদ রোববার খেলবে রায়ো ভালেকানোর বিপক্ষে। আর আতলেটিকো মাদ্রিদ স্বাগত জানাবে তালিকার দ্বিতীয় দল বার্সেলোনাকে।
রিয়ালের পয়েন্ট ২৩ খেলায় ৬১। বার্সার ৫১। আর ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভালেন্সিয়া। রোববার তাদের মাঠে অতিথি হয়ে খেলতে আসবে সেভিয়া।
এছাড়া রিয়াল বেটিস ও গেতাফে এবং রেসিং সান্তান্দার ও স্পের্টিং গিজনের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৪৮ ঘ.
bdnews24