ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ সপ্তাহান্তেই মাঠে দেখা যেতে পারে কার্লোস তেভেজকে। এরই মধ্যে অনুশীলনে তিনি তার স্ট্যামিনা, ফিটনেস ও গতি দেখিয়ে মন জয় করে নিয়েছেন কোচ রবার্তো মানচিনির। যদিও তিন মাস তেভেজ ছিলেন ফুটবলের বাইরে, সময় কাটিয়েছেন নিজের দেশ আর্জেন্টিনায় স্ত্রী ও দুই কন্যার সঙ্গে।
ইংল্যান্ডের বিভিন্ন পত্রিকায় বলা হয়, সপ্তাহান্তে স্ট্যামফোর্ড ব্রিজে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রিমিয়ার লিগের খেলায় খেলতে পারেন সিটির সাবেক অধিনায়ক।
তেভেজ তার আচরণের জন্য বৃহস্পতিবার মানচিনির কাছে ক্ষমা চান। এর আগে তিনি তার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দেন। প্রত্যাহার করে নেন জরিমানার বিরুদ্ধে তার আপিলও। তেভেজের জরিমানা করা হয় ১.২ মিলিয়ন পাউন্ড।
এই শীতে আর্জেন্টিনার এই খেলোয়াড় বেতন ও বোনাস বাবদ হারিয়েছেন ৯.৩ মিলিয়ন পাউন্ড। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডকে ঠেকাতে মানচিনি তেভেজকে খেলানোর জন্য উদগ্রীব হয়ে উঠেছেন বলে ধারাণা করা হচ্ছে।
তেভেজ দলে ফিরলে তার সতীর্থ মিকাহ রিচার্ড তাকে স্বাগত জানাবেন বলে জানিয়েছেন। তবে তিনি বলেন, ক্লাবের সমর্থকদের তাকে গ্রহণের সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩০০ ঘ.
bdnews24