ঢাকা, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সময়টা ভালো যাচ্ছে না ফার্নান্দো তোরেসের। লিভারপুল ছেড়ে চেলসিতে যোগ দেয়ার পর থেকেই গোল-খরায় ভুগছেন এই স্ট্রাইকার। এবার বাদ পড়েছেন স্পেনের জাতীয় দল থেকেও।
আগামী বুধবার ভেনিজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য বিশ্ব চ্যাম্পিয়নদের ঘোষিত দলে সুযোগ পাননি তোরেস। চোটের কারণে মালাগাতে হতে যাওয়া ম্যাচটি খেলতে পারবেন না স্পেনের পক্ষে সবচেয়ে বেশি গোল করা ডেভিড ভিয়া এবং তার বার্সেলোনা সতীর্থ পেদ্রোও।
বছরখানেক আগে চেলসিতে যোগ দেয়ার পর গত মৌসুমে ১৮ ম্যাচে মাত্র একটি গোল করেন তোরেস। এই মৌসুমে এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলে তার গোল সংখ্যা ৪টি। এর মধ্যে চতুর্থ অর্থাৎ সর্বশেষটি এসেছিলো গত ১৯ অক্টোবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৫ঘ.
bdnews24