ঢাকা, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্র“প পর্ব থেকে বিদায় নেয়া ম্যানচেস্টার সিটি অনায়াসে ইউরোপা লিগের শেষ ষোলতে উঠেছে। বুধবার ‘রাউন্ড অব ৩২’ বা শেষ ৩২ দলের লড়াইয়ের ফিরতি লেগে তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পোর্তোকে। গতবার চ্যাম্পিয়ন হলেও এবার তাই শুরুতেই ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্ট থেকে বিদায় নিলো পোর্তো।
গত সপ্তাহে পর্তুগালের মাঠে ২-১ গোলে জিতে শেষ ষোলর পথে এক পা বাড়িয়েই রেখেছিলো ম্যান সিটি। ঘরের মাঠে ফিরতি লেগে পোর্তোকে বলতে গেলে দাঁড়াতেই দেয়নি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দলটি।
ম্যাচের মাত্র ১৯ সেকেন্ডে সার্জিও অ্যাগুয়েরোর লক্ষ্যভেদে এগিয়ে যায় ম্যান সিটি। প্রথমার্ধে অবশ্য আর কোনো গোল হয়নি। তবে বিরতির পর ডেভিড সিলভা এবং দুই বদলি এডিন জেকো ও ডেভিড পিজারোর গোল বড় জয় এনে দেয় স্বাগতিকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯০৭ঘ.
bdnews24