২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একই দিনে অঘটনের শিকার ইন্টার-বায়ার্ন

মাত্র দুই মৌসুম আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপার আনন্দে মেতে উঠেছিলো ইন্টার মিলান। ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে বায়ার্ন মিউনিখের সাফল্যও ঈর্ষণীয়। অথচ বুধবার রাতে দুই পরাশক্তিই অঘটনের শিকার! চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ফ্রান্সের অলিম্পিক মার্সেইয়ের কাছে ০-১ গোলে হেরে গেছে ইন্টার। সুইজারল্যান্ডের এফসি বাসেলের কাছে বায়ার্নের হারও একই ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র দুই মৌসুম আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপার আনন্দে মেতে উঠেছিলো ইন্টার মিলান। ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে বায়ার্ন মিউনিখের সাফল্যও ঈর্ষণীয়। অথচ বুধবার রাতে দুই পরাশক্তিই অঘটনের শিকার! চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ফ্রান্সের অলিম্পিক মার্সেইয়ের কাছে ০-১ গোলে হেরে গেছে ইন্টার। সুইজারল্যান্ডের এফসি বাসেলের কাছে বায়ার্নের হারও একই ব্যবধানে। মার্সেইয়ের মাঠে ইন্টার-সমর্থকদের বুক ভেঙ্গে দেয়া ঘটনাটির জন্ম খেলার একেবারে শেষ মুহূর্তে। দ্বিতীয়ার্ধের বাড়তি সময়ের তৃতীয় মিনিটে কর্নার থেকে ঘানার ফরোয়ার্ড আন্দ্রে আইউর হেড উচ্ছ্বাসে ভাসিয়ে দিয়েছে মার্সেইকে। বায়ার্নের বিপক্ষে ২০০৯-১০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দুই গোল করে ইন্টারকে ৪৫ বছর পর ইউরোপ-শ্রেষ্ঠত্বের মধুর স্বাদ এনে দিয়েছিলেন ডিয়েগো মিলিতো। এ মৌসুমেও দারুণ খেলছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ইন্টারের সর্বশেষ ৭ ম্যাচের প্রতিটিতেই গোল করেছেন তিনি। তিন সপ্তাহ আগে ইতালিয়ান সেরি-আতে পালেরমোর বিপক্ষে ৪ গোল করার (ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছিলো) অসাধারণ কৃতিত্বও আছে যার মধ্যে। অথচ বুধবার মিলিতোকে মাঠেই নামাননি ইন্টারের কোচ ক্লদিও রানিয়েরি। সেই মাশুল দিয়েই হয়তো তার দল সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৭ ম্যাচের মধ্যে ষষ্ঠ হারের বেদনায় নীল! বাসেলের মাঠে বায়ার্নও গোল খেয়েছে ম্যাচের শেষ প্রান্তে। ৮৬ মিনিটে বদলি মিডফিল্ডার ভ্যালেন্টিন স্টকার বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নিউয়েরের দুই পায়ের ফাঁক গলে বল পাঠিয়ে দেন জালে। ঐ গোলটি ধরে রেখে ম্যাচ শেষে স্বাগতিকরাও মেতে ওঠে জয়োল্লাসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮২৪ঘ.