ঢাকা, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে ম্যানচেস্টার সিটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন কার্লোস তেভেজ। তাই আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের সামনে এখন ম্যান সিটির জার্সি গায়ে মাঠে নামার জোরালো সম্ভাবনা।
ক্ষমা চাওয়ার পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গের দায়ে ম্যান সিটির দেয়া শাস্তির বিরুদ্ধে করা আপিলও প্রত্যাহার করে নিয়েছেন তেভেজ। ক্লাবের অনুমতি ছাড়া তিন মাস দেশে কাটানোর দায়ে তেভেজের চার সপ্তাহের বেতন কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছিলো ম্যান সিটি কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে তেভেজ বলেন, “গত কয়েক মাসে আমার আচরণের কারণে যেসব অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হয়েছিলো তার জন্য সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”
“আমি এখন ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবে খেলার জন্য মনোনিবেশ করতে চাই,” যোগ করেন তিনি।
ম্যান সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, খেলার মতো সক্ষমতা ফিরে পাওয়ার লক্ষ্যে পূর্ণোদ্যমে অনুশীলন শুরু করেছেন ২৮ বছর বয়সী তেভেজ।
গত সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস লিগের গ্র“প পর্বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোচ রবার্তো মানচিনির নির্দেশে ওয়ার্ম আপ করতে রাজি না হওয়ায় পর থেকেই তেভেজ ও ম্যান সিটির মধ্যে দূরত্বের সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৫ঘ.
bdnews24