ঢাকা, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮ এবং ২০০৯ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন ১৯ জন ক্রীড়াবিদ ও কর্মকর্তা। বৃহস্পতিবার সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এ সময় উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ।
ক্রীড়া ফেডারেশনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত কর্মকর্তা ও ক্রীড়াবিদদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
১৯৭৮ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রবর্তন হয়।
২০০৮ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন- সুনীল কৃষ্ণ দে (ফুটবল), লেফটেন্যান্ট (অব.) মোহাম্মদ আমজাদ হোসেন (অ্যাথলেটিক্স), সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মোহাম্মদ লুৎফর রহমান (সাঁতার), ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শওকাত হোসেন পিএসসি (শরীর গঠন), সাইদুল হক সাদী (টেবিল টেনিস), আলহাজ্ব মোহাম্মদ রুহুল আমিন (ভারোত্তলন), খন্দকার আবুল হাসান (ভলিবল), সৈয়দ আবদুল মজিদ (কোরান) (ক্রিকেট) এবং জাহাঙ্গীর আলম চৌধুরী (কাবাডি)।
২০০৯ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন- দেওয়ান শফিউল আরেফীন টুটুল (ফুটবল এবং সংগঠক), বাদল রায় (ফুটবল), এ এম নাইমুর রহমান দুর্জয় (ক্রিকেট), সামছুল আলম মঞ্জু (ফুটবল), অঞ্জন চৌধুরী পিন্টু (সংগঠক), সাহেদ আজগর চৌধুরী (সংগঠক), হামিদা বেগম (অ্যাথলেটিক্স এবং সংগঠক), শামীম আরা টলী (অ্যাথলেটিক্স), মোহাম্মদ মহসীন (হকি) এবং মোস্তফা কামাল (ভলিবল)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৪ঘ.
bdnews24