ঢাকা, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে শেষ মুহূর্ত পর্যন্ত এগিয়ে থেকেও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার সিএসকেএ মস্কোর মাঠে ১-১ গোলে ড্রয়ের হতাশায় পুড়তে হয়েছে স্প্যানিশ প্রিমেরা লিগার শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে চলা হোসে মরিনহোর দলকে।
রিয়াল তা-ও এক পয়েন্ট নিয়ে ফিরেছে। চেলসি তো হারের বেদনায় নীল। নাপোলির মাঠে ১-৩ গোলে বিধ্বস্ত হওয়ায় তাদের সামনে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নেয়ার আশঙ্কা।
মস্কোতে ২৮ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যাওয়া রিয়াল ৯০ মিনিট পর্যন্ত ব্যবধান ধরে রেখেছিলো। কিন্তু বাড়তি সময়ের তৃতীয় মিনিটে মিডফিল্ডার পোন্তাস ওয়ার্নব্লুমের লক্ষ্যভেদ নাটকীয়ভাবে ড্র এনে দেয় স্বাগতিকদের।
নাপোলির মাঠে হুয়ান মাতার গোলে ২৭ মিনিটে এগিয়ে গিয়েছিলো চেলসি। কিন্তু বিরতির আগেই এজেকুয়েল লাভেজ্জি ও এডিনসন কাভানির গোলে পিছিয়ে পড়ে তারা। ৬৫ মিনিটে আরেকটি গোল করে নাপোলির জয় নিশ্চিত করেন লাভেজ্জি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৪১ঘ.
bdnews24