২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির চার গোল, ব্যবধান কমিয়ে আনলো বার্সা

লিওনেল মেসির চার গোলের ওপর ভর করে রোববার ভালেন্সিয়াকে ৫-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। সেই সঙ্গে লা লিগার শীর্ষ দল রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে দশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 04:44 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুরুতেই পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। কিন্তু শেষ পর্যন্ত চার গোল করে লিওনেল মেসি বার্সার হয়ে লা লিগায় তার দুই শ’তম ম্যাচটিকে নিজের করে নেন রোববার। ভালেন্সিয়ার বিপক্ষে ৫-১ গোলের বিশাল পার্থক্যও গড়ে দেন তিনি। সেই সঙ্গে লা লিগার শীর্ষ দল রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান দশে কমিয়ে আনে মেসির দল। আগের দিন শনিবার রেসিং সান্তান্দারের বিপক্ষে ৪-০ গোলে জিতে পয়েন্ট ব্যবধান ১৩ তে নিয়ে গিয়েছিল হোসে মরিনহোর রিয়াল। নু ক্যাম্পে খেলার নয় মিনিটে পাবলো পিয়াত্তির গোলে পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। এর পর পরই মেসির নেতৃত্বে ঘুরে দাঁড়ায় পেপ গার্দিওলার দল। উপহার দেয় উপভোগ্য ও অপ্রতিরোধ্য ফুটবল। খেলায় সমতা ফেরান মেসি ২২ মিনিটে। পাঁচ মিনিট পরই এগিয়ে নেন দলকে। আরো দু’টো গোল দেন মেসি দ্বিতীয়ার্ধে, খেলার ৭৬ ও ৮১ মিনিটে। পঞ্চম ও শেষ গোলটি আসে জাভি হার্নান্দেজের পা থেকে, খেলার একেবারে শেষ মুহূর্তে। এই চারটি নিয়ে লিগে মোট ২৭ গোল করলেন মেসি। ২৮ গোল করে গোলদাতাদের তালিকার শীর্ষে আছেন রিয়ালের ক্রিস্টিয়ানো রোনালদো। খেলা শেষে মেসি বলেন, চমৎকার খেলেছে পুরো দল। “এ সপ্তাহে জার্মানিতে দল ভালো খেলেছে। আবারো সে ধরনের ফুটবল উপহার দেয়া দলের জন্যই গুরুত্বপূর্ণ। কেননা লিগের গুরুত্বপূর্ণ অংশ ধীরে ধীরে এগিয়ে আসছে এবং আমরা এভাবেই খেলে যেতে চাই,” বলেন টানা তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। দিনের অন্যান্য খেলায় গ্রানাদা ৪-১ গোলে রিয়াল সোসিয়েদাদকে, অ্যাথলেটিক বিলবাও ৩-১ গোলে মালাগাকে, মালোর্কা ৪-০ গোলে ভিয়ারিয়ালকে ও রায়ো ভালেকানো ৫-৩ গোলে লেভান্তেকে হারায়। এছাড়া স্পোর্টিং গিজন ও আতলেটিকো মাদ্রিদের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। রিয়ালের পয়েন্ট ২৩ খেলায় ৬১। দ্বিতীয় দল বার্সেলোনার ৫১। আর ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভালেন্সিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৩৮ ঘ.