ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এফএ কাপ থেকে আর্সেনাল বিদায় নিলেও বড় বাঁচা বেঁচে গেছে চেলসি। নিজেদের মাঠে দ্বিতীয় বিভাগের দল বার্মিংহামের সঙ্গে ১-১ গোলে ড্র করে অন্তত আবারো মাঠে নামার সুযোগ পাচ্ছে তারা। কিন্তু সান্ডারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে গেছে গানার্সরা।
এছাড়া নরউইচ সিটিকেও ২-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় করে দেয় আরেকটি দ্বিতীয় বিভাগের দল লিচেস্টার।
দিনের অন্য দুই খেলায় এভারটন ২-০ গোলে ব্ল্যাকপুলকে ও বোল্টন ওয়ান্ডারার্স একই ব্যবধানে মিলওয়ালকে হারায়।
প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে এরই মধ্যে অনেকখানি পিছিয়ে পড়েছে আর্সেনাল ও চেলসি, উভয় দলই। এখন শীর্ষ চারে জায়গা পাওয়া নিয়ে লড়াই করছে তারা।
কিন্তু আর্সেনাল যে এই মৌসুমেও কোনো ধরনের শিরোপার মুখ দেখছে না তা নিশ্চিত হয়ে যায় শনিবার। খেলার ৪০ মিনিটে কাইরন রিচার্ডসনের গোলে এগিয়ে যায় সান্ডারল্যান্ড। খেলা শেষ হওয়ার ১২ মিনিট আগে অ্যালেক্স অক্সল্যাড-চেম্বারলিনের আত্মঘাতী গোলে বিদায় নিশ্চিত হযে যায় আর্সেনালের।
সেবাস্টিয়ান লারসনের ফ্রি-কিক ঠিকভাবে ক্লিয়ার করতে পারেননি আর্সেনালের রক্ষণভাগের খেলোয়াড়রা। এই সুযোগ কাজে লাগিয়ে রিচার্ডসন বল জড়িয়ে দেন জালে।
দ্বিতীয় গোলটির পাশে চেম্বালিনের নাম লেখা থাকলেও আক্ষরিক অর্থেই তাকে দায়ী করা ঠিক হবে না। প্রচণ্ড শট নেন লারসন। গোলপোস্ট কাঁপিয়ে বল গিয়ে লাগে চেম্বারলিনের গায়ে। এরপর গড়িয়ে গড়িয়ে চলে যায় গোল-লাইন অতিক্রম করে।
এর আগে টানা ছয় মৌসুম কোনো শিরোপা জিততে পারেনি আর্সেনাল। সমান ৪৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পঞ্চম দল চেলসির চেয়ে গানার্সরা এগিয়ে আছে কেবল গোল ব্যবধানে। আর শীর্ষ দল ম্যানচেস্টার সিটির চেয়ে দুই দলই পিছিয়ে আছে ১৭ পয়েন্ট।
স্ট্যাম্পফোর্ড ব্রিজে চোটে পড়ায় খেলার ১২ মিনিটে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় বার্মিংহাম দলনায়ক স্টিফেন কারকে। তারপরও ২০ মিনিটে ডেভিড মার্ফির গোলে এগিয়ে যায় তারা। কর্নার-কিক ‘ক্লিয়ার’ করতে পুরোপুরি ব্যর্থ হন ডেভিড লুইজ ও ব্রানিস্লাভ ইভানোভিচ। এই সুযোগে অত্যন্ত কাছ থেকে প্রচণ্ড শট নেন মার্ফি।
শেষ পর্যন্ত খেলার ৬২ মিনিটে গোল শোধ করেন ড্যানিয়েল স্টুরিজ।
এর আগে ২২ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি চেলসি। হুয়ান মাতার শট রুখে দেন বার্মিংহাম গোলরক্ষক কলিন ডোয়েল। রামিরেসকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
খেলায় ড্র করায় পুরো দলকেই পড়তে হয় সমর্থকদের টিটকারীর মুখে। সেই সঙ্গে চাপ অনেকখানি বেড়ে গেল কোচ আন্দ্রে ভিলাস বোয়াসের উপর।
একে খারাপ ফলাফল বলে অভিহিত করে ভিলাস বোয়াস স্বীকার করেন, “১-১ আমাদের প্রত্যাশিত ফলাফল নয়। তবে এই ফলাফলই ট্রফি জয়ের জন্য বার্মিংহামের মাঠে আবারো আমাদের খেলার সুযোগ করে দিয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৫৫ ঘ.
bdnews24