২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনঝির দায়িত্ব নিলেন হিডিঙ্ক

আন্তর্জাতিক অঙ্গন থেকে শেষ পর্যন্ত ক্লাব ফুটবলে ফিরলেন গাস হিডিঙ্ক। কোচের দায়িত্ব নিলেন তিনি আনঝি মাখাশকালার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 09:25 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক অঙ্গন থেকে শেষ পর্যন্ত ক্লাব ফুটবলে ফিরলেন গাস হিডিঙ্ক। কোচের দায়িত্ব নিলেন তিনি আনঝি মাখাশকালার। রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রের ক্লাবটির সঙ্গে চুক্তি করেন তিনি দেড় বছরের জন্য। এরই মধ্যে রুশ ধনকুবের সুলেইমান কেরিমভের দলে যোগ দিয়েছেন ব্রাজিলের সাবেক তারকা রবার্তো কার্লোস, রুশ জাতীয় দলের ইউরি ঝিরকভ ও আফ্রিকার চার বারের বর্ষসেরা খেলোয়াড় স্যামুয়েল ইতো। রবার্তো কার্লোসের সঙ্গে কাজ করেন হিডিঙ্ক বছর দশেকেরও বেশি সময় আগে। সে সময় হিডিঙ্ক ছিলেন রিয়াল মাদ্রিদের কোচ। গত ছয় বছরের মধ্যে এই প্রথম তিনি কোনো ক্লাবের স্থায়ী কোচের দায়িত্ব নিলেন। এর আগে শেষ বারের মতো স্থায়ীভাবে দ্বিতীয় দফায় কাজ করেন তিনি প্যারিস সেন্ট জার্মেইনের কোচ হিসেবে। আন্তর্জাতিক অঙ্গনে কোচ হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেন তিনি তুরস্কের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিতে না পারায় সেই দায়িত্ব ছেড়ে দেন হিডিঙ্ক। মাঝখানে ২০০৯ সালে অবশ্য চেলসির তত্ত্বাবধায়ক কোচ হিসেবে কাজ করেন ৬৫ বছর বয়স্ক সাবেক এই ওলন্দাজ খেলোয়াড়। আনঝির ওয়েবসাইটে এক বিবৃতিতে রুশ জাতীয় দলের সাবেক কোচ হিডিঙ্ক বলেন, ‘গত বছরের শেষ দিকে আনঝির সঙ্গে আমি দীর্ঘ আলোচনা করি। এ কারণেই সিদ্ধান্ত নেই তড়িঘড়ি করে।” “আমি খুশি মনেই এই দায়িত্ব নিয়েছি। এখানে শুধু ফুটবল দলের সঙ্গে নয়, আমি কাজ করতে পারবো আমার বন্ধুদের সঙ্গেও,” যোগ করেন তিনি। হিডিঙ্কের অধীনে আনঝি প্রথম মাঠে নামবে ৫ মার্চ রুশ প্রিমিয়ার লিগে ডায়নামো মস্কোর বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫০১ ঘ.