ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুষ গ্রহণ ও ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার দায়ে চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিএফএ) সাবেক উপ-প্রধান ইয়াং ইয়িমিনকে সাড়ে দশ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া আরো ২০ জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদের জেল।
উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের তিয়েলিং আদালত তাকে এই দণ্ড দেয়। এছাড়া তার জরিমানা করা হয় ৩২ হাজার ডলার।
দেশের বিভিন্ন ক্লাব ও ব্যক্তির কাছ থেকে চল্লিশ দফায় তিনি মোট ঘুষ নেন ১.২৫ মিলিয়ন ইউয়ান।
ইয়াং-এর উকিল ওয়াং শুজিং জানান, দণ্ডাদেশের বিরুদ্ধে ইয়াং আপিল করবেন না।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, তার মক্কেলকে খুব একটা কঠিন শাস্তি দেয়া হয়নি। ইয়াং সরকারী কর্মকর্তা হিসেবে ঘুষ নেন, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক রেফারি বিষয়ক পরিচালক ঝাং জিয়ানকিয়াংকে দেয়া হয় ১২ বছরের কারাদণ্ড। জরিমানা করা হয় আড়াই লাখ ইউয়ান।
শানদং লুনেং ও সাংহাই শেনহুয়াসহ চীনা সুপার লিগের বেশ কয়েকটি দলের কাছ থেকে এই ঘুষ নেন তিনি।
শেনহুয়ার কাছ থেকে ঘুষ নিয়ে ২০০৩ সালে দলটিকে লিগ শিরোপা জিততে সহায়তা করেন তিনি। তারও আপীল করার কোনো ইচ্ছা নেই বলে খবরে বলা হয়।
সুপার লিগের দল কিংদাও’র সাবেক সভাপতি দু ইয়াঙ্কিকে দেয়া হয় সাত বছরের কারাদণ্ড।
চীনে ‘গোল্ডেন হুইসল’ হিসেবে পরিচিত বিশ্বকাপের সাবেক ম্যাচ-কর্মকর্তা লু জুনসহ চার রেফারিকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়।
ফুটবল অঙ্গনে দুর্নীতিবিরোধী তদন্ত শুরু হয় দুই বছর আগে। এতে ধরা পড়েন ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান নন ইয়ং ও জিয়ে ইয়ালং। তাদের বিচার অবশ্য এখনো শুরু হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৫৭ ঘ.
bdnews24