ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত ৫৫ বছরের মধ্যে এবার প্রথমবারের মতো এক মৌসুমে দশ খেলায় হার মানলো ইন্টার মিলান। শুক্রবার রাতে ৩-০ গোলে হেরে যায় তারা সেরি আ’র পয়েন্ট তালিকার নিচের দিকের দল বোলোনার কাছে। ফলে ঝুঁকির মুখে পড়লেন কোচ ক্লদিও রানিয়েরি। চাকরি চলে যেতে পারে তার।
আর ফিওরেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে জিতে ইন্টারকে টপকে পঞ্চম স্থানে পৌঁছে গেছে নাপোলি। দলটির পয়েন্ট ২৪ খেলায় ৩৭। সমান খেলায় এক পয়েন্ট পিছিয়ে আসে ইন্টার।
গোল তিনটিই খেয়েছে ইন্টার নিজেদের ভুলে। মার্কো দি ভাইও মাত্র এক মিনিটের ব্যবধানে দুই গোল করেন। প্রথম গোলটি দেন তিনি খেলার ৩৭ মিনিটে। পরের মিনিটেই এগিয়ে নেন দলকে। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে বোলোনাকে ইন্টারের নাগালের বাইরে নিয়ে যান রবার্ট অ্যাকুয়াফ্রেসকা।
গত সপ্তাহে নোভারার কাছে হারার পর সমর্থকদের টিটকারীর মুখে পড়তে হয়েছিল ইন্টারের খেলোয়াড়দের। এবারো তার ব্যতিক্রম হয়নি। বরং একটু বেশিই টিটকারী হজম করতে হয় এবার।
প্রথম গোলটি যখন দি ভাইও দেন তখন তার দিকে ইন্টারের কোনো খেলোয়াড়ের নজরই ছিল না। আর দ্বিতীয়টির জন্য তো বল বানিয়ে দেন আন্দ্রেয়া রানোচ্চিয়া। বোলোনার এক খেলোয়াড় অনেক দূর থেকে বল দেন দি ভাইওকে। কিন্ত বুক দিয়ে বল থামিয়ে নিজের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেও পারেননি রানোচ্চিয়া। উল্টো বল চলে যায় দি ভাইও’র পায়ে।
অ্যাকুয়াফ্রেসকার গোলটি ছিল ইন্টারের জন্য একেবারে দৃষ্টিকটু ব্যাপার। রক্ষণভাগের চারজন খেলোয়াড়ের ভেতর দিয়ে বল নিয়ে গেলেন অ্যাকুয়াফ্রেসকা। অথচ তারা তাকে বাধাই দিলেন না। প্রশ্ন উঠতেই পারে এর কারণ নিয়ে। তবে দেখে মনে হচ্ছিল, তারা ভয় পেয়েছিলেন।
তালিকার ১৬ নম্বর দল বোলোনার পয়েন্ট ২২ খেলায় ২৫। আর ২৩ খেলায় ৪৭ পয়েন্ট নিয়ে এসি মিলান আছে শীর্ষে। দ্বিতীয় দল জুভেন্টাসের পয়েন্ট ২২ খেলায় ৪৬। শনিবার দলটি খেলবে কাতানিয়ার সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৪৪ ঘ.
bdnews24