ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিশরে আবারো শুরু হতে যাচ্ছে ফুটবল লিগ। তবে খেলা হতে পারে ফাঁকা স্টেডিয়ামে। দর্শকদের ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
ভূমধ্যসাগরীয় বন্দর নগরী পোর্ট সৈয়দে ১ ফেব্র“য়ারি আল-আহলি ও আল-মাসরির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৭৪ ব্যক্তি নিহত হওয়ার পর থেকে বন্ধ রয়েছে লিগ।
এখন নিহতদের স্মরণে শোক পালন করা হচ্ছে এবং তা শেষ হবে ১৫ মার্চ। এরপর লিগ শুরু করা হবে বলে জানিয়েছে ফেডারেশন।
ফুটবল ফেডারেশনের মুখপাত্র আজমি মেগাহেদ বুধবার বলেন, তবে এ ব্যাপারে শেষ কথা বলবেন প্রধানমন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তারা।
নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার জন্য মিশরের বড় দুই দল আল-আহলি ও জামালেক প্রীতি ম্যাচ খেলার আগ্রহ দেখানোয় সরকার আবারো লিগ শুরু করতে উৎসাহ বোধ করবে বলে মেগাহেদ মনে করছেন।
সহিংসতায় আহত হয় প্রায় এক হাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০৩ ঘ.
bdnews24