২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাপেলোর পাশে বেকহ্যাম, রেডন্যাপের প্রতি সমর্থন

ইংল্যান্ডের কোচের পদ থেকে ফ্যাবিও ক্যাপেলোর সরে দাঁড়ানোর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। আর নতুন কোচ হিসেবে তিনি সমর্থন জানিয়েছেন হ্যারি রেডন্যাপের প্রতি। ইংল্যান্ডের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন এই রেডন্যাপই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 07:44 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের কোচের পদ থেকে ফ্যাবিও ক্যাপেলোর সরে দাঁড়ানোর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। আর নতুন কোচ হিসেবে তিনি সমর্থন জানিয়েছেন হ্যারি রেডন্যাপের প্রতি। ইংল্যান্ডের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন এই রেডন্যাপই। ক্যাপেলোর বিষয়টি নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার এতো কাছাকাছি সময়ে ক্যাপেলো পদত্যাগ করায় তার মন খারাপ হয়ে গেছে। তবে ক্যাপেলোর এই সিদ্ধান্তকে তিনি দেখছেন সম্মানের চোখে। বেকহ্যাম মনে করেন, দলের অধিনায়ক বেছে নেয়ার সুযোগ সব সময় কোচকেই দেয়া উচিত। এলএ গ্যালাক্সির সঙ্গে অনুশীলন শেষে বৃহস্পতিবার তিনি বলেন, “আপনি জানেন, তিনি নিজের জন্যই ওই পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আপনি আরো জানেন যে তিনি একজন কোচ এবং যাকে আমি খুব শ্রদ্ধা করি। মানুষ হিসেবেও তাকে আমি ভীষণ শ্রদ্ধা করি।” ইংল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সঙ্গে আলোচনা শেষে ক্যাপেলো কোচের দায়িত্ব ছেড়ে দেন গত সপ্তাহে। এর আগে এফএ কুইন্স পার্ক রেঞ্জার্সের রক্ষণভাগের খেলোয়াড় অ্যান্টন ফার্ডিনান্ডকে বর্ণবাদী শব্দ ব্যবহার করে গালি দেয়ায় জন টেরির অধিনায়কত্ব কেড়ে নেয়। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেন টেরি। পরে ক্যাপেলো বলেন, তার সঙ্গে পরামর্শ না করে টেরির অধিনায়কত্ব কেড়ে নেয়ার সিদ্ধান্ত নেয়ায় তিনি হতাশ হয়েছেন। এদিকে ইংল্যান্ডের প্রচার মাধ্যমগুলো টটেনহ্যাম হটস্পার কোচ রেডন্যাপকে জনগণের পছন্দের কোচ হিসেবে অভিহিত করছে। তাদের সঙ্গে সুর মিলিয়েছেন বেকহ্যামও। তিনি বলেন, “চমৎকার মানুষ হ্যারি। কোচ হিসেবেও দুর্দান্ত। তার খেলোয়াড় পরিচালনা করার ক্ষমতা অসাধারণ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০০ ঘ.