ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মৌসুমের প্রথম লড়াই শুরু হবে বেলা সোয়া তিনটায়।
গত মৌসুমে সুপার কাপের ফাইনালে সর্বশেষ দেখা হয়েছিলো দুদলের। ঐ ম্যাচে মোহামেডানকে হারিয়ে কোটি টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলো আবাহনী। শুক্রবারের ম্যাচটি মোহামেডানের জন্য তাই প্রতিশোধের উপলক্ষ্য নিয়ে এসেছে।
মোহামেডানের নাইজেরীয় কোচ এমেকা ইউজিগোর চিন্তায় অবশ্য প্রতিশোধের কোনো ব্যাপার নেই। তিনি বলেন, “লিগে জয়ের ধারা বজায় রাখাই আমার মূল লক্ষ্য। আমি জানি আমাদের সামনে শক্ত প্রতিপক্ষ। তাই কাজটা সহজ হবে না আমাদের জন্য।”
“অবশ্য মোহামেডান-আবাহনী ম্যাচে শক্তির তারতম্য খুব বেশি থাকে না। জার্সির কারণেই একজন খেলোয়াড় আমূল বদলে যান। তাই মোহামেডানকে আমি কোনো ভাবেই পিছিয়ে রাখতে চাই না,” যোগ করেন তিনি।
আবাহনীর ইরানি কোচ আলী আকবর পুরমুসলিমি এই ম্যাচকে অন্য ম্যাচের মতোই মনে করছেন। তিনি বলেন, “মোহামেডানের সঙ্গে ম্যাচ বলে আমি খেলোয়াড়দের বাড়তি চাপ নিতে নিষেধ করেছি। আশা করি অন্য ম্যাচগুলোর মতো এই ম্যাচেও আমরা জয় পাবো।’
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আবাহনী লিগের দ্বিতীয় স্থানে আছে। একমাত্র ম্যাচে জয় পাওয়া মোহামেডানের সংগ্রহ ৩ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১০ঘ.
bdnews24