ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাদের ফুটবল দলের কোচ সাইফুল বারী টিটুকে বরখাস্ত করেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচে ব্যর্থতার কারণে বিদায় নিতে হয়েছে জাতীয় দলের সাবেক কোচ টিটুকে।
তার বদলে শেখ জামালের কোচ করা হয়েছে জাতীয় দলের আরেক সাবেক কোচ আবু ইউসুফকে। বৃহস্পতিবার সকালে দলের দায়িত্ব নিয়েছেন তিনি। বিকেলে খেলোয়াড়দের প্রশিক্ষণও করিয়েছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচ থেকে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট। প্রথম ম্যাচেই তারা বিজেএমসির কাছে হেরে যায় ৩-১ গোলে। দ্বিতীয় ম্যাচে ফরাশগঞ্জকে ২-০ গোলে হারালেও পরের ম্যাচে ড্র করে ফেনী সকার ক্লাবের সঙ্গে। শেখ জামালের কর্মকর্তারা তাই টিটুর ওপরে বিরক্ত ছিলেন।
এই দুরবস্থার কারণ জানতে শেখ জামালের ব্যবস্থাপক আনোয়ারুল করিম হেলালের মাধ্যমে ক্লাব সভাপতি মঞ্জুর কাদের টিটুকে ডেকে পাঠান। কিন্তু ক্লাব সভাপতির ডাকে সাড়া দেননি টিটু। এটাই তার বিদায়কে তরান্বিত করেছে।
টিটুকে বরখাস্তের কারণ সম্পর্কে মঞ্জুর কাদের বলেন, “দলের অবস্থা সম্পর্কে জানতে ব্যবস্থাপকের মাধ্যমে তাকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু টিটু আমাদের আহ্বানে সাড়া না দিয়ে বলেছেন তিনি শেখ জামালকে আর কোচিং করাবেন না। এমন আচরণের পর আমরা তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছি।”
টিটু অবশ্য এখনও নিজেকে শেখ জামালের কোচ হিসেবে দাবি করছেন। তিনি বলেন, “আমি একটা কারণ দর্শানো নোটিশ পেয়েছি মাত্র। তিন দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। তাই এ বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না।”
গত অক্টোবরে কোচের দায়িত্ব নেয়া টিটুর অধীনে নেপালের পোখরা কাপ এবং ঢাকার মৌসুম-সূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপের শিরোপা জিতেছে শেখ জামাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৭৩৭ঘ.
bdnews24