২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্মার সঙ্গে জুভেন্টাসের ড্র

আবারো সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে যেতে পারতো জুভেন্টাস। কিন্তু সেই সুযোগ হারিয়েছে দলটি বুধবার পার্মার সঙ্গে গোলশূন্য ড্র করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 07:27 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারো সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে যেতে পারতো জুভেন্টাস। কিন্তু সেই সুযোগ হারিয়েছে দলটি বুধবার পার্মার সঙ্গে গোলশূন্য ড্র করে। ইনিও তারদিনিতে বুধবার খেলার চার মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় জুভেন্টাস। কিন্তু কপাল খারাপ তাদের। আন্দ্রেয়া পিরলোর ফ্রি-কিক মাথা দিয়ে পার্মার জালে জড়িয়ে দেয়ার চেষ্টা করেন চিয়েল্লিনি। কিন্তু গোলপোস্ট কাঁপিয়ে বল চলে যায় মাঠের বাইরে। আরো একবার পার্মা বেঁচে যায় খেলার ২০ মিনিটে। পিরলোর ফ্রি-কিক চলে যায় গোলপোস্টে হাওয়া লাগিয়ে। পুরো প্রথমার্ধে জুভেন্টাসের গোলপোস্টে একটিও শট নিতে পারেনি পার্মা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে গোল প্রায় দিয়েই ফেলেছিল তারা। সেবাস্তিয়ান গিওভিঙ্কোর শট চমৎকার দক্ষতায় রুখে দেন জুভেন্টাস গোলরক্ষক। এছাড়া দু’বার পেনাল্টির জোরালো আবেদন জানান জুভেন্টাসের খেলোয়াড়রা। কিন্তু তাতে সাড়া দেননি রেফারি। খেলার শেষ দশ মিনিট গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে জুভেন্টাস। সে সময় বেশ কয়েকবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে হয় পার্মা গোলরক্ষক নিকোলা পাভারিনিকে। বলতে গেলে দু’বার তো গোল-বঞ্চিত করেন তিনি পিরলো ও ইমানুয়েল গিয়াচ্চেরিনিকে। আসলে ফুটবল-বিধাতাই মুখ ফিরিয়ে ছিলেন জুভেন্টাসের দিক থেকে। খেলা হওয়ার কথা ছিল ৩১ জানুয়ারি। কিন্তু অবিরাম ররফ পড়ায় তা পিছিয়ে দেয়া হয়। এই মৌসুমে জুভেন্টাস এ পর্যন্ত অপরাজিত থাকলেও পয়েন্ট তালিকার শীর্ষে আছে এসি মিলান। ২৩ খেলায় দলটির পয়েন্ট ৪৭, আর এক পয়েন্ট পিছিয়ে আছে জুভেন্টাস। তবে এক খেলা হাতে আছে দলটির। দিনের অপর খেলায় আটলান্টা ১-০ গোলে জেতে জেনোয়ার বিপক্ষে। খেলার একমাত্র গোলটি করেন গুইদো মারিলুঙ্গো, ৮০ মিনিটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৪৫ ঘ.