২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের জালে মিলানের চার গোল

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার এসি মিলান ও আর্সেনালের খেলায় প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধরে নিয়েছিলেন সবাই। কিন্তু খেলা হয়েছে একেবারে একপেশে। ইংল্যান্ডের দলটিকে ৪-০ গোলে স্রেফ নাকাল করে ইতালির দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 04:54 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফলাফল যাই হোক, চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে এসি মিলান ও আর্সেনালের খেলা জমবে ভালো-এমনটাই ধারণা ছিল ফুটবল বিশে¬ষকদের। কিন্তু প্রতিদ্বন্দ্বিতার ছোঁয়াই খুজে পাওয়া যায়নি দুই দলের প্রথম খেলায়। জ্লাতন ইব্রাহিমোভিচের কুশলী ফুটবলের ওপর ভর করে গুনে গুনে চার গোল দিয়ে আর্সেনালকে স্রেফ কাঁদিয়ে ছেড়েছে মিলান। সেই সঙ্গে নিজেদের জাল অক্ষত রেখে পানির মতো সহজ করে রাখলো কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয়ার কাজটা। জেনিত অবশ্য এতটা সহজ করে রাখতে পারেনি তাদের কাজ। তারপরও কিছুটা এগিয়ে থেকেই ফিরতি খেলায় মাঠে নামবে তারা বেনফিকার বিপক্ষে। বুধবার নিজেদের মাঠে দলটিকে হারায় তারা ৩-২ গোলে। নিজেদের মাঠ সান সিরোতে মিলানের চার গোলের মধ্যে দু’টোই আসে রবিনহোর পা থেকে, খেলার ৩৮ ও ৪৯ মিনিটে। এই গোল দু’টোর জন্য প্রশংসা অবশ্যই প্রাপ্য রবিনহোর। কিন্তু তার চেয়ে বেশি প্রশংসা করতেই হবে ইব্রাহিমোভিচের। গোলের জন্য বল দুটো তিনি এতো সহজ করে বানিয়ে দিয়েছিলেন যে রবিনহোর কাজ হয়ে দাঁড়ায় কেবল জায়গা মতো বল পাঠিয়ে দেয়া। সেই কাজ করতে মোটেও ভুল করেননি তিনি। এর পর পেনাল্টি থেকে নিজে গোল করেন ইব্রাহিমোভিচ, খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে। তবে ১৫ মিনিটে গোলের দুয়ার খুলে দিয়েছিলেন কেভিন-প্রিন্স বোয়েটাং। চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম চার গোলে হার মানলো আর্সেনাল। এর আগে তিন গোলের বেশি ব্যবধানে কখনো হারতে হয়নি প্রিমিয়ার লিগের দলটিকে। খেলার এই ফলাফলই বলে দিচ্ছে মাঠের দখল তো দূরের কথা, আক্ষরিক অর্থেই খুঁজেই পাওয়া যায়নি আর্সেনালকে। ইব্রাহিমোভিচ, রবিনহো ও বোয়াটাং’র পায়ের কাজের সামনে অসহায় আত্মসমর্পণ করে তারা। বিশেষ করে, রক্ষণভাগকে একেবারে তছনছ করে ছাড়েন তারা। পক্ষান্তরে দুই-একবার পাল্টা-আক্রমণ চালালেও মিলানের রক্ষণভাগে ফাঁক-ফোকর তৈরি করার রাস্তাই খুঁজে পায়নি গানার্সরা। ঘর কিভাবে সামাল দিতে হয় ইংরেজদের তা দেখিয়ে দেন থিয়াগো সিলভা। তাকে যোগ্য সহায়তা দেন আন্তোনিও নসেরিনো ও লুকা আন্তোনিনি। খেলা শেষে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার কোনো অজুহাতের ধার দিয়েই গেলেন না, সরাসরি সাংবাদিকদের বলেন, “আক্রমণ ও রক্ষণভাগ, কোনো-খানেই আমরা খেলায় ছিলাম না। সব জায়গায় কিভাবে হারছি, তা দেখতে খারাপই লাগছে।” এরপর বলে ফেলেন তিনি আসল কথাটা, “আসলে এক মুহূর্তের জন্যও আমরা খেলায় ছিলাম না।” তার প্রতিপক্ষ মিলান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি কিন্তু আনন্দে ভেসে যাচ্ছেন না। দলের রক্ষণভাগের প্রশংসা করলেও সমালোচনা করতে ছাড়েননি আক্রমণভাগের। “দল হিসেবে আমরা ভালোই খেলেছি। আমরা তাদের গোল করার কোনো সুযোগই দেইনি। আসলেই রক্ষণভাগে আমরা খুবই ভালো খেলেছি। বিশেষ করে, বল যখন আর্সেনালের পায়ে ছিল,” বলেন তিনি, “আমরা আরো বেশি গোল দিতে পারতাম।” এরপর তিনি মনে করিয়ে দেন, এটা চ্যাম্পিয়ন্স লিগ, প্রতিপক্ষের সঙ্গে খেলতে হবে দু’বার। এর আগের তিনবার মিলানকে বিদায় নিতে হয় শেষ ষোলো থেকে, ইংল্যান্ডেরই ক্লাবের সঙ্গে হেরে। এর মধ্যে আর্সেনালও আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৩৫ ঘ.