ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা তৃতীয় জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে।
৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গতবারের রানার্সআপরা এখন লিগের শীর্ষে। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে আবাহনী লিমিটেডের অবস্থান দ্বিতীয়।
মুক্তিযোদ্ধার আরেকটি জয়ে সবচেয়ে বড় অবদান তারকা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির। তিন গোলের দুটোই তার। অন্য গোলটি করেন নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবা।
ম্যাচের ১২ মিনিটের সময় মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন এমিলি। সহোদর শাকিল আহমেদের ক্রস থেকে চমৎকার হেডে বল জালে জড়িয়ে দেন তিনি।
৪০ মিনিটে এমিলির লক্ষ্যভেদেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে মুক্তিযোদ্ধা। ডিফেন্ডার আরিফুল ইসলামের পাস সানডের পা ঘুরে চলে আসে ছোট ডি-বক্সের ডান দিকে থাকা এমিলির কাছে। আলতো টোকায় বল জালে জড়াতে ভুল হয়নি জাতীয় দলের স্ট্রাইকারের।
এবারের লিগে এটি এমিলির তৃতীয় গোল।
নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে ব্রাজিলীয় মিডফিল্ডার লিমা ডি সুজার সঙ্গে ওয়ান-টু খেলে বক্সের ভেতর ঢুকে আড়াআড়ি শটে ম্যাচের তৃতীয় ও শেষ গোল করেন সানডে (৩-০)। এ মৌসুমে এটি সানডের প্রথম গোল।
এই জয়ে মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক সন্তুষ্ট। ম্যাচ শেষে তিনি বলেন, “খেলোয়াড়দের কাছ থেকে এ ধরনের খেলাই আমি প্রত্যাশা করি। আশা করি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখবে তারা।”
রহমতগঞ্জের কোচ মাহমুদুল হক লিটনের কাছে এই হার অপ্রত্যাশিত বলে মনে হয়নি। তিনি বলেন, “মুক্তিযোদ্ধার সঙ্গে আমাদের শক্তির ব্যবধান অনেক। তাদের বিপক্ষে আমাদের হারটাই স্বাভাবিক। তবে খেলোয়াড়রা আরেকটু ভালো খেললে হারের ব্যবধান আরো কম হতে পারতো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২২ঘ.
bdnews24