ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফিফা র্যাংকিংয়ে ২৮ ধাপ এগিয়ে ৪৩তম স্থানে উঠে এসেছে আফ্রিকান নেশন্স কাপ চ্যাম্পিয়ন জাম্বিয়া। ২০০১ সালের পর ফিফা র্যাংকিংয়ে এটাই তাদের সবচেয়ে ভালো অবস্থান।
রোববার অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে গোল শূন্য থাকার পর আইভরি কোস্টকে টাইব্রেকারে হারিয়ে প্রথম বারের মত আফ্রিকা-সেরা হওয়ার কৃতিত্ব দেখিয়েছে জাম্বিয়া।
শিরোপা জিততে না পারলেও তিন ধাপ এগিয়েছে আইভরি কোস্ট। পঞ্চদশ স্থানে থাকা দিদিয়ের দ্রগবার দেশই এখন আফ্রিকার দেশগুলোর মধ্যে র্যাংকিংয়ে সবচেয়ে ওপরে।
আফ্রিকান নেশন্স কাপে তৃতীয় হওয়া মালি ২৫ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে আছে এখন।
র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। তবে তিন থেকে দুই নম্বরে উঠে এসেছে জার্মানি। এক ধাপ নেমে নেদারল্যান্ডসের অবস্থান তৃতীয়।
এক ধাপ নেমে সপ্তম স্থানে আছে ব্রাজিল। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা একাদশ স্থানে।
র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ১৩৮তম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৫২ঘ.
bdnews24