ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে ফিরে এসেছেন কার্লোস তেভেজ। ক্লাবের অনুমতি না নিয়ে তিনি তার দেশ আর্জেন্টিনা চলে যান। সেখানে থাকেন তিনি তিন মাস।
সিটির চিকিৎসকের সঙ্গে ক্লাবের প্রশিক্ষণ মাঠে দেখা করেন তিনি মঙ্গলবার। সে সময় ২৮ বছর বয়সী এই ফুটবলার খেলার মতো সুস্থ আছেন কি না, তা যাচাই করে দেখেন চিকিৎসক।
গত ২৭ সেপ্টেম্বর বায়ার্ন মিউনিখের বিপক্ষে বদলী খেলোয়াড় হিসেবে তেভেজ মাঠে নামতে অস্বীকার করেন বলে অভিযোগ করেন দলের কোচ রবার্তো মানচিনি। এর পরিপ্রেক্ষিতে বিরোধে জড়িয়ে পড়েন দু’জনে। সে সময় মানচিনি বলেছিলেন, ম্যান সিটিতে তেভেজের দিন শেষ হয়ে গেছে।
তেভেজের অনুশীলন করার কথা বুধবার। তবে ইউরোপা লিগে এফসি পোর্তোর বিপক্ষে খেলার জন্য দলের সঙ্গে পর্তুগাল যাচ্ছেন না তিনি।
গত ৭ নভেম্বর অনুমতি না নিয়েই তেভেজ তার দেশ আর্জেন্টিনা চলে যান। এরপর ম্যানচেস্টার ফিরলেন তিনি এই প্রথম।
আর্জেন্টিনা থেকে ফিরতে অস্বীকার করায় তেভেজের জরিমানা করা হয় ১.২ মিলিয়ন পাউন্ড। তিনি যতদিন আর্জেন্টিনায় ছিলেন ততোদিন তাকে সাপ্তাহিক বেতনও দেয়া হয়নি। সপ্তাহে তেভেজ বেতন পান দুই লাখ পাউন্ড।
দল-বদলের সময় তেভেজের গন্তব্য নিয়ে নানা কথা ছড়িয়ে পড়ে। কখনো বলা হয়, তিনি ইন্টার মিলানে যাচ্ছেন। এসি মিলান ও প্যারিস সেইন্ট জার্মেইনেও তিনি যেতে পারেন বলে খবর বের হয় তখন।
এ মাসের প্রথম দিকে মৌসুমের অবশিষ্ট সময়ের জন্য মানচিনি ২৫ জনের যে দল ঘোষণা করেন তাতে তেভেজের নাম রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২০ ঘ.
bdnews24