২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ড্র করলো শেখ জামাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবার পয়েন্ট নষ্ট করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেনী সকার ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 01:17 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবার পয়েন্ট নষ্ট করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেনী সকার ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হলেও প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে বিজেএমসির কাছে ৩-১ গোলে হেরে যায় শেখ জামাল। পরের ম্যাচে জিতলেও তৃতীয় ম্যাচে আবার পয়েন্ট হারানোর যন্ত্রণায় তারা বিদ্ধ। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেখ জামাল তাই লিগে চতুর্থ স্থানে এখন। ৬ পয়েন্ট করে নিয়ে আবাহনী ও মুক্তিযোদ্ধা যুগ্মভাবে শীর্ষে। মঙ্গলবার ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও জিততে পারেনি শেখ জামাল। অষ্টম মিনিটে স্বদেশী ফেমি অরুনিমির কর্নার থেকে জটলায় বল পেয়ে গোল করতে ভুল হয়নি নাইজেরীয় স্ট্রাইকার কেস্টার আখনের (১-০)। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৭৬ মিনিটে সমতায় ফেরে ফেনী সকার। আকরামুজ্জামান লিটনের ফ্রি কিক থেকে রোল্যান্ডের হেড বক্সের মধ্যে পড়লে বদলি খেলোয়াড় ইকবাল হোসেন গোল করেন। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্রকেও রুখে দিয়েছিলো ফেনী সকার। দ্বিতীয় ম্যাচে অবশ্য নিজেদের মাঠে হেরে যায় তারা। ম্যাচ শেষে শেখ জামালের কোচ সাইফুল বারী টিটু জানান, খেলোয়াড়দের সক্ষমতার অভাবের জন্যই আবার পয়েন্ট হারাতে হয়েছে তার দলকে। তিনি বলেন, “এই ব্যর্থতা আমারও। খেলোয়াড়দের কাছ থেকে আমি আসল খেলাটা বের করে আনতে পারিনি। এগিয়ে গিয়েও জিততে না পারা আমাদেরই ব্যর্থতা।” “ঘানার ডিফেন্ডার ইউসুফ ইসার খেলতে না পারাও বেশ সমস্যায় ফেলেছে আমাদের। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেনি ইসা। আমাদের মাঝমাঠও ভালো খেলতে পারেনি,” যোগ করেন শেখ জামালের কোচ। ফেনী সকার ক্লাবের কোচ রেজাউল হক জামালের বিশ্বাস, তার দল জিততেও পারতো। তিনি বলেন, “ভালো স্ট্রাইকার না থাকায় আমরা অনেকগুলো সুযোগ কাজে লাগাতে পারিনি। নইলে হয়তো জয় নিয়েই মাঠ ছাড়তে পারতাম।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯০৯ঘ.