২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিলাকে হারিয়ে আবারো শীর্ষে সিটি

তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়ে রোববার আবারো পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার সিটি। জয়সূচক গোলটি আসে জোলেয়ন লেসকটের পা থেকে। তবে ত্রাতার ভূমিকাতেও নামতে হয় গোলরক্ষক জো হার্টকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 08:15 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়ে রোববার আবারো পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার সিটি। জয়সূচক গোলটি আসে জোলেয়ন লেসকটের পা থেকে। তবে ত্রাতার ভূমিকাতেও নামতে হয় গোলরক্ষক জো হার্টকে। আগের দিন শনিবার তাদের নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুলের বিপক্ষে ২-১ গোলে জেতায় চাপে ছিল সিটি। বার্মিংহামের ভিলা পার্কে প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। তবে দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে সিটির খেলোয়াড়, কোচ ও সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনেন লেসকট। এক সতীর্থর নেয়া কর্নার সেকেন্ড-বার লক্ষ্য করে ‘হেড’ করেন ভিলার মাঝমাঠের সাবেক খেলোয়াড় গ্যারেথ ব্যারি। সেই বল জালে জড়িয়ে দেন লেসকট। প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সিটি। কিন্তু কপাল খারাপ তাদের। অ্যাডাম জনসনের শট ফিরে আসে প্রতিপক্ষের গোলপোস্ট কাঁপিয়ে। অবশ্য সিটিও বেঁচে যায় দু’বার। কার্লোস কুয়েলারের ‘হেড’ চলে যায় ক্রসবার ছুঁয়ে। আরেকবার খুব কাছ থেকে শট নেন ড্যারেন বেন্ট। কিন্তু চমৎকার দক্ষতায় দলকে রক্ষা করেন হার্ট। দিনের অন্য খেলায় ওয়েস্ট ব্রমউইচ ৫-১ গোলে জেতে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে। সিটির পয়েন্ট ২৫ খেলায় ৬০, দুই পয়েন্ট এগিয়ে আছে ইউনাইটেডের চেয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৫৬ ঘ.