ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বায়ার লেভারকুসেনকে শনিবার ১-০ গোলে হারিয়ে বুন্ডেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষেই থেকে গেল বরুসিয়া ডর্টমুন্ড। তবে বর্তমান চ্যাম্পিয়নদের নিশ্চিন্তে থাকতে দিচ্ছে না বায়ার্ন মিউনিখ। কাইজারস্লটার্নকে ২-০ গোলে হরিয়ে ডর্টমুন্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা।
ডর্টমুন্ডের পক্ষে জয়সূচক গোলটি করেন শিনজি কাগাওয়া খেলার ৪৫ মিনিটে।
খেলা শেষে ডর্টমুন্ড কোচ য়ুরগেন ক্লপ বলেন, এখনো ১৩ খেলা বাকি আছে। আর বায়ার্নই একমাত্র দল, এই ১৩টি খেলাতেই জেতার সামর্থ্য যাদের আছে।
“তাই এসব নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। সব সময় আমরা ভাবছি পরের খেলা নিয়ে। আর এটিই আমাদের সাফল্য এনে দিচ্ছে,” যোগ করেন তিনি। এ নিয়ে টানা ১৫ খেলায় জিতলো তার দল।
মিউনিখে বায়ার্নকে খেলার ছয় মিনিটে এগিয়ে নেন মারিও গোমেজ লিগে তার ১৮তম গোল করে। এ পর্যন্ত গোলদাতাদের তালিকায় সবার উপড়েই আছে তার নাম।
টমাস মুলার জয় নিশ্চিত করেন ৩০ মিনিটে।
বরুসিয়া মনচেনগ্লাডবাখ ৩-০ গোলে শালকেকে হারিয়ে উঠে গেছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে, ঠিক এক পয়েন্ট পিছিয়ে আছে বায়ার্নের চেয়ে।
ডর্টমুন্ডের পয়েন্ট ২১ খেলায় ৪৬। সমান খেলায় ঠিক দুই পয়েন্ট পিছিয়ে আছে বায়ার্ন। আর চতুর্থ দল শালকের পয়েন্ট ৪১।
দিনের অন্যান্য খেলায় উলফসবুর্গ ৩-২ গোলে ফ্রেইবুগকে ও স্টুর্টগার্ট ৫-০ গোলে হার্থা বার্লিনকে হারায়। এছাড়া ওয়ের্ডার ব্রেমেন ও হফেনহেইম এবং মেইনজ ও হ্যানোভারের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০৩ ঘ.
bdnews24