২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদিনেসকে হারিয়ে শীর্ষে মিলান

ম্যাক্সি লোপেজের কুশলী ফুটবলের ওপর ভর করে উদিনেসকে ২-১ গোলে হারিয়েছে এসি মিলান। সেই সঙ্গে উঠে গেছে সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 07:16 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাক্সি লোপেজের কুশলী ফুটবলের ওপর ভর করে উদিনেসকে ২-১ গোলে হারিয়েছে এসি মিলান। সেই সঙ্গে উঠে গেছে সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে। নিজেদের মাঠ কমিউনাল ফ্রিউলিতে প্রথমার্ধে উদিনেসই ভালো খেলে। এর ফলও পায় তারা খেলার ১৯ মিনিটে। এগিয়ে যায় আন্তোনিও দি নাতালের গোলে। অনেক দূর থেকে নাতালেকে বল দেন গেলসন ফার্নান্দেজ। সেই বল নিয়ন্ত্রণে নিয়ে পচণ্ড শট নেন নাতালে। মিলানের রক্ষণভাগের খেলোয়াড় থিয়াগো সিলভার গায়ে লেগে গোলরক্ষক মার্কো আমেলিয়ার পাশ দিয়ে বল জড়িয়ে যায় জালে। কিছুক্ষণ পর বড় বাঁচা বেঁচে যায় মিলান। উদিনেসের রক্ষণভাগের খেলোয়াড় মরিসিও আয়লার শট চমৎকার দক্ষতায় ঠেকিয়ে দেন আমেলিয়া। ব্যবধান বাড়ানোর চমৎকার একটি সুযোগ পেয়েছিলেন নাতালেও। কিন্তু তার শট চলে যায় গোলপোস্টের অনেক বাইরে দিয়ে। জ্লাতন ইব্রাহিমোভিচের অনুপস্থিতি হাড়ে হাড়ে অনুভব করে মিলান। প্রথমার্ধে গোলের সুযোগ কেবল একবারই তৈরি করতে পেরেছিল তারা। তবে যোগ করা সময়ে স্তেফান এল শারাওয়েই’র শট রুখে দেন উদিনেস গোলরক্ষক। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গালে চড় মারায় তিন ম্যাচ নিষিদ্ধ করা হয় ইব্রাহিমোভিচকে। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে মিলান। বেশিরভাগ খেলোয়াড় উপড়ে উঠে যাওয়ায় রক্ষণভাগে তৈরি হয় বেশ কিছু ফাঁক-ফোকর। ফলে দু’বার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে হয় আমেলিয়াকে। গোল-বঞ্চিত করেন তিনি প্রথমে মরিজিও দোমিজ্জি ও পরে দানিলোকে। খেলার ৬৬ মিনিটে বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামেন লোপেজ। তবে তার নতুন দলের হয়ে প্রথম গোল করার জন্য তাকে অপেক্ষা করতে হয় আরো দশ মিনিট। শারাওয়েই’র শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সেই বল চলে যায় লোপেজের পায়ে। এবার আর দলকে রক্ষা করার কোনো সুযোগই পাননি উদিনেস গোলরক্ষক। গত মাসে কাতানিয়া থেকে ধারে মিলানে যোগ দেন লোপেজ। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে মিলানের পক্ষে জয়সূচক গোল করেন শারাওয়েই। দিনের অপর খেলায় কালিয়ারি ২-১ গোলে হারায় পালের্মোকে। মিলানের পয়েন্ট ২৩ খেলায় ৪৭। তালিকার দ্বিতীয় দল জুভেন্টাস দুই পয়েন্ট পিছিয়ে থাকলেও দুই খেলা হাতে আছে তুরিনের দলটির। চতুর্থ দল উদিনেসের পয়েন্ট ২৩ খেলায় ৪১। সমান খেলায় তৃতীয় দল লাৎসিও এগিয়ে আছে এক পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩০২ ঘ.