২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসাসুনার কাছে হেরে বার্সার শিরোপার স্বপ্ন মলিন

ধীরে ধীরে লা লিগার শিরোপা দূরে সরে যাচ্ছে বার্সার কাছ থেকে। শনিবার ওসাসুনার কাছে ৩-২ গোলে হেরে গেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 06:02 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধীরে ধীরে লা লিগার শিরোপা দূরে সরে যাচ্ছে বার্সার কাছ থেকে। শনিবার ওসাসুনার কাছে ৩-২ গোলে হেরে গেছে তারা। পয়েন্ট তালিকার শীর্ষ দল রিয়াল মাদ্রিদের চেয়ে বর্তমানে সাত পয়েন্ট পিছিয়ে থাকলেও এই পার্থক্য বেড়ে দশে দাঁড়াতে পারে রোববার। ওই দিন রিয়াল জেতার আশা করতেই পারে লেভান্তের বিপক্ষে। নিজেদের মাঠে শেষ ২৫ খেলায় হার মেনেছে তারা মাত্র একবার, বার্সার কাছে। পাম্পলোনার ‘বাম্পি’ মাঠের পাশাপাশি প্রচণ্ড ঠান্ডা ও কনকনে বাতাসের সঙ্গে প্রথম দিকে মানিয়ে নিতে পারছিলেন না উভয় দলের খেলোয়াড়রাই। স্বাভাবিক খেলাই খেলতে পারছিলেন না তারা। শেষ পর্যন্ত অবশ্য এই পরিস্থিতির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেয় স্বাগতিকরা। তাই খেলার শুরুতেই এগিয়ে যায় তারা। চার মিনিটে ওসাসুনার আক্রমণভাগের সার্বিয়ার খেলোয়াড় দেয়ান লেকিচ এগিয়ে নেন দলকে। এরপর বলতে গেলে মাঠের দখলও নিয়ে নেন তারা, অন্তত ২২ মিনিটে দ্বিতীয় গোল হওয়ার আগ পর্যন্ত। এই গোলটিও আসে লেকিচের পা থেকে। ডান দিকে থেকে তার দিকে আড়াআড়িভাবে বল ঠেলে দেন এক সতীর্থ। সেই বল জালে পাঠাতে কোনো অসুবিধা হয়নি লেকিচের। বার্সা বিরতিতে যায় দুই গোলে পিছিয়ে থেকে। ২০০৮ সালে পেপ গার্দিওলার দায়িত্ব নেয়ার পর লিগে আর কখনো দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয়নি বার্সাকে। দ্বিতীয়ার্ধে গার্দিওলা বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামান তরুণ তেলো ও ইসাক কুয়েঙ্কাকে। অথচ বেঞ্চেই বসে থাকতে হয় জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তাকে। সম্ভবত আগামী মঙ্গলবারের চ্যাম্পিয়ন্স লিগের খেলার কথা মাথায় রেখে তাদের বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন গার্দিওলা। গত পঞ্চাশ বছরের মধ্যে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা কখনোই জেতেনি। তবে তাদের আশার আলো দেখান আলেক্সিস সানচেজ খেলার ৫১ মিনিটে এক গোল শোধ করে। এটি অবশ্য শেষ পর্যন্ত পরিণত হয় অল্প সময়ের ‘একটু’ স্বস্তিতে। ৫৬ মিনিটেই ব্যবধান আবার দুই গোলে নিয়ে যান রাউল গার্সিয়া। ঠিক মতো বল ‘ক্লিয়ার’ করতে পারেননি গোলরক্ষক ভিক্তর ভালদেস। এই সুযোগটিকেই কাজে লাগান গার্সিয়া। বার্সার দ্বিতীয় গোলের জন্য বল বানিয়ে দেন বদলী খেলোয়াড় সেস ফ্যাব্রেগাস। ‘মার্কার’কে ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে পচণ্ড শট নেন তেলো। বল তার আশ্রয় খুঁজে নেয় জালে। খেলার প্রথমদিকে মাঠ ওসাসুনার দখলে থাকলেও শেষ দিকে গোল শোধের জন্য মরিয়া বার্সার আধিপত্য ছিল এক তরফা। বেশিরভাগ সময় বলও ছিল ওসাসুনার সীমানায়। এরই মধ্যে একবার জোরালো পাল্টা আক্রমণ চালায় স্বাগতিকরা। গোলে শটও নেন এক খেলোয়াড়। কিন্তু গোলপোস্ট কাঁপিয়ে ফিরে আসে বল। কপাল ভালো ওসাসুনারও। ফ্যাব্রেগাসের ‘হেড’ ঠিক গোল-লাইন থেকে ফিরিয়ে দেন দলটির এক খেলোয়াড়, যোগ করা সময়ের চার মিনিটে। খেলা শেষে বার্সা কোচ গার্দিওলা স্বীকার করেন, “আমাদের জন্য লিগ এখন অনেক কঠিন হয়ে গেলো। আমার মনে হয়, আগামীকাল (রোববার) পয়েন্টের ব্যবধান আরো বেড়ে যেতে দেখবো।” রিয়াল ২১ খেলায় ৫৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে। এক খেলা বেশি খেলে সপ্তম দল ওসাসুনার পয়েন্ট ৩১। এছাড়া রিয়াল বেটিস ২-১ গোলে জিতেছে অ্যাথলেটিক বিলবাও’র বিপক্ষে। আর রেসিং সান্তান্দার ও আতলেটিকো মাদ্রিদের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৩৪ ঘ.