ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোমারিও আবারো বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, মান্ধাতা আমলের বিমান বন্দরগুলোর সংস্কার কাজ দ্রুত শুরু না করলে তার দেশকে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
বর্তমানে কংগ্রেস সদস্য রোমারিও বলেন, ১২টি বিশ্বকাপ স্টেডিয়ামের বেশ কয়েকটিতে যে অতিরিক্ত অর্থ খরচ করা হবে, সে ব্যাপারে তিনি নিশ্চিত। প্রতিযোগিতাটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে আত্মসাৎ করা হবে জনগণের অর্থ।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার ও উন্নয়ন কাজ শুরু না করলে বিশ্বকাপের সময় বিভিন্ন বিমান বন্দরে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হবে।
“প্রয়োজনীয় কাজ দ্রুত শুরু না করলে বিমান বন্দরগুলোকে নিয়ে আমাদের বিব্রতকর অবস্থায় পড়তে হবে,” বলেন রোমারিও, “আপনাকে আমি সত্যি কথাই বলছি, আমি ইতিবাচক থাকতে চাই এবং আশা করছি যে এমনটা ঘটবে না। কিন্তু লম্বা ছুটির সময় কি ঘটছে, তা আমরা নিজেরাই দেখছি। আর বিশ্বকাপের সময়ও পরিস্থিতি পাল্টে যাবে না।”
এর আগেই ফুটবলের জীবন্ত কিংবদন্তী পেলে সবাইকে সাবধান করে দিতে গিয়ে বলেন, বিমান বন্দরগুলোর অবস্থার জন্য ব্রাজিলকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে।
ব্রাজিলের অর্থনীতি ফুলে-ফেঁপে ওঠায় ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির বিমান বন্দরগুলো। সরকার, সংগঠক ও ফিফা এরই মধ্যে কয়েকবার বলেছে, বিশ্বকাপের সময় বিমান পরিবহন বড় ধরনের উদ্বেগের বিষয় হয়ে উঠবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২৪ ঘ.
bdnews24