২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেরির ঘটনাটি অজুহাত: মারাদোনা

ফ্যাবিও ক্যাপেলোর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) টেরির ঘটনাটিকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে বলে মনে করছেন আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তী দিয়েগো মারাদোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 09:30 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্যাবিও ক্যাপেলোর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) টেরির ঘটনাটিকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে বলে মনে করছেন আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তী দিয়েগো মারাদোনা। সংযুক্ত আরব আমীরাতের প্র-লিগে বানি ইয়াসের বিপক্ষে বৃহস্পতিবার ১-০ গোলে জেতার পর আল ওয়াসল কোচ মারাদোনা বলেন, “ক্যাপেলোর হাত থেকে মুক্ত হওয়ার জন্য এফএ টেরির ঘটনাটি অজুহাত হিসেবে ব্যবহার করেছে। তার ‘পারফর্মেন্স’এ তারা সন্তুষ্ট ছিলেন না। তাই তিনি যাতে চলে যান, সে জন্য একে (টেরির ঘটনা) যথার্থ সুযোগ হিসেবে তারা বিবেচনা করেছে।” এ মাসে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড তত্ত্বাবধায়ক কোচ স্টুয়ার্ট পিয়ার্সের অধীনে। বর্তমানে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পিয়ার্স। লন্ডন অলিম্পিকে ব্রিটিশ দলেরও কোচের দায়িত্বে রয়েছেন তিনি। নতুন কোচ নিয়ে এফএ’র আলোচনায় বসার কথা শুক্রবার। কোচ হওয়ার দৌড়ে অবশ্য এগিয়ে আছেন টটেনহ্যাম হটস্পারের হ্যারি রেডন্যাপ। বুধবার আকস্মিকভাবে পদত্যাগ করেন ফ্যাবিও ক্যাপেলো। বিভিন্ন খবরে বলা হচ্ছে, জন টেরির কাছ থেকে ইংল্যান্ড দলের অধিনায়কত্বের দায়িত্ব কেড়ে নেয়ায় ক্ষুব্ধ হন ক্যাপেলো। গত বছর অক্টোবরে কুইন্স পার্ক রেঞ্জার্সের রক্ষণভাগের খেলোয়াড় অ্যান্টন ফার্ডিনান্ডকে বর্ণবাদী শব্দ ব্যবহার করে গালি দেয়ার অভিযোগে টেরির বিরুদ্ধে মামলা চলছে। চেলসির রক্ষণভাগের খেলোয়াড় টেরি নিজেকে নির্দোষ দাবি করেন। এর আগেও একবার ৩১ বছর বয়স্ক টেরির অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৪৪ ঘ.