ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে নবাগত বিজেএমসির কাছে হার মেনেছিলো বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এবার অঘটনের শিকার হয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘ ২-১ গোলে হারিয়েছে তাদের।
৩৫ মিনিটে নাইজেরীয় মিডফিল্ডার জোসুয়া ওলালেকানের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। স্বদেশী স্ট্রাইকার প্রিন্স স্যামসনের থ্রু ধরে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন ওলালেকান।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে আরামবাগ। যদিও গোলের দেখা পেতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাদের।
৭৫ মিনিটে আরামবাগ গোল শোধ করে। গোলদাতা নাইজেরীয় স্ট্রাইকার উজুমিফুন জোয়েল। আমিনুর রহমান সোহাগের ক্রস থেকে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে সাইড ভলিতে বল জালে জড়িয়ে দেন তিনি। শেষ মুহূর্তে জোয়েলের লক্ষ্যভেদেই নিশ্চিত হয়ে যায় ব্রাদার্সের জয়।
মেয়ের বিয়েতে উপস্থিত থাকার জন্য দেশে যাওয়ায় ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নাঈমউদ্দিন মাঠে ছিলেন না। তার জায়গায় ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেন দলের ব্যবস্থাপক আমের খান।
ম্যাচ শেষে খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাবকে হারের কারণ হিসেবে দায়ী করে তিনি বলেন, “অগোছালো খেলার জন্যই হারতে হয়েছে ব্রাদার্সকে।”
অন্যদিকে উচ্ছ্বসিত আরামবাগের কোচ কাজী জলি বলেন,“পিছিয়ে পড়ার পর খেলোয়াড়দের বলেছিলাম হাল ছেড়ে দিও না, ফল আসবে। খেলোয়াড়রা নিজেদের কাজ ভালো ভাবে করতে পেরেছে। তাই জয় পেয়েছি আমরা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫৩ঘ.
bdnews24