২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষেই রয়ে গেল জুভেন্টাস, নিষেধাজ্ঞার মুখে ইব্রা

সিয়েনার সঙ্গে জুভেন্টাস ও নাপোলির সঙ্গে এসি মিলান গোলশূন্য ড্র করায় সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে কোনো পরিবর্তন আসেনি, যা ছিল তাই আছে। কিন্তু জ্লাতন ইব্রহিমোভিচ মাথা গরম করায় তার মূল্য দিতে হতে পারে মিলানকে। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে আঘাত করায় মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে। কয়েক ম্যাচে নিষিদ্ধও হতে পারেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 06:10 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিয়েনার সঙ্গে জুভেন্টাস ও নাপোলির সঙ্গে এসি মিলান গোলশূন্য ড্র করায় সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে কোনো পরিবর্তন আসেনি, যা ছিল তাই আছে। কিন্তু জ্লাতন ইব্রহিমোভিচ মাথা গরম করায় তার মূল্য দিতে হতে পারে মিলানকে। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে আঘাত করায় মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে। কয়েক ম্যাচে নিষিদ্ধও হতে পারেন তিনি। পয়েন্ট তালিকার তৃতীয় দল উদিনেস এগিয়ে গিয়েও ৩-২ গোলে হেরে গেছে ফিওরেন্টিনার কাছে। আর ইন্টার মিলানকে স্রেফ কাঁদিয়ে ছেড়েছে এএস রোমা। জিতেছে ৪-০ গোলে। লাৎসিও-ও ৩-২ গোলে হার মানে জেনোয়ার কাছে। সান সিরোতে রোববার খেলার ৬১ মিনিটে নাপোলির গোলে গোল পাওয়ার মতো চমৎকার একটি শট নেন ইব্রাহিমোভিচ। কিন্তু তা রুখে দেন গোলরক্ষক মর্গান ডি স্যাঙ্কটিস। এতে হতাশ হয়ে পড়েন সুইডেনের এই খেলোয়াড়। সম্ভবত এই হতাশা থেকেই মাথা গরম হয়ে যায় তার। তিন মিনিট পর কিছুক্ষণের জন্য রেফারি খেলা বন্ধ করলে মাঠের একদিকে জটলা পাকান খেলোয়াড়রা। সে সময় ইব্রহিমোভিচ আকস্মিকভাবে সালভাতোর আরোনিকার গালে চড় মারেন। শৃঙ্খলা ভাঙায় গত মৌসুমেও ইব্রাহিমোভিচকে দু’বার নিষিদ্ধ হতে হয়। প্রথমবার প্রতিপক্ষের রক্ষণভাগের এক খেলোয়াড়ের পেটে ঘুষি মারায় নিষিদ্ধ হন দুই ম্যাচ। আর দ্বিতীয়বার তিন ম্যাচ নিষিদ্ধ হন লাইন্সম্যানকে টিটকারি মারায়। মাঠ থেকে বহিস্কার করা হয় মিলান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকেও। তবে খেলার একেবারে শেষ মিনিটে। এদিকে ফিওরেন্টিনার পক্ষে গোল তিনটি করেন ৩৯ মিনিটে স্তেভান জভেটিচ, ৫৬ মিনিটে মাত্তিয়া কাসানি ও ৮৪ মিনিটে আবারো জভেটিস। তবে জভেটিস তার গোল দু’টি দেন পেনাল্টি থেকে। উদিনেসের পক্ষে গোল দু’টি করেন আন্তোনিও ডি নাতালে, খেলার ১৪ মিনিটে। আর খেলা শেষ হওয়ার এক মিনিট আগে দেন গ্যাব্রিয়েল তোরে। স্তাদিও অলিম্পিকোয় রোমার হয়ে গোল চারটি করেন জুয়ান, ফ্যাবিও রোরিনি ও বোয়ান কিরকিচ। এর মধ্যে দু’টি গোল আসে বোরিনির পা থেকে। দিনের অন্য দুই খেলায় পালের্মো ২-১ গোলে আটলান্টাকে ও একই ব্যবধানে পার্মা শিয়েভোকে হারায়। এছাড়া লিস ও বোলোনা এবং নোভারা ও কালিয়ারির খেলা গোলশূন্যভাবে শেষ হয়। জুভেন্টাস ২১ খেলায় ৪৫ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। এক ম্যাচ বেশি খেলে ঠিক এক পয়েন্ট পিছিয়ে আছে মিলান। উদিনেসের পয়েন্ট ৪১ ও চতুর্থ দল লাৎসিও’র পয়েন্ট ৩৯। আর ঠিক তিন পয়েন্ট পিছিয়ে আছে পঞ্চম দল ইন্টার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১২৩৬ ঘ.