ঢাকা, ফেব্র“য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আফ্রিকা নেশন্স কাপের সেমিফাইনালে উঠেছে জাম্বিয়া ও আইভরি কোস্ট। শনিবার কোয়ার্টার-ফাইনালে জাম্বিয়া ৩-০ গোলে জেতে দশ জনের সুদানের বিপক্ষে। আর দ্রগবার জোড়া গোলের ওপর ভর করে আইভরি কোস্ট ৩-০ গোলে হারায় ইকুয়েটোরিয়াল গিনিকে।
বাতায় খেলার ১৫ মিনিটে মাথা দিয়ে গোল করে স্তফিরা সুনজু এগিয়ে নেন জাম্বিয়াকে।
ক্রিস্টোফার কাতোঙ্গো ব্যবধান বাড়ান খেলার ৬৬ মিনিটে। প্রথমে তিনি নিয়েছিলেন পেনাল্টি কিক। কিন্তু গোলরক্ষক তা ঠেকিয়ে দিলেও বল চলে আসে আবার তার পায়ে। সেই বল জালে পাঠাতে কোনো অসুবিধা হয়নি তার।
খেলার ৮৬ মিনিটে ব্যবধান ৩-০ তে নিয়ে যান বদলী খেলোয়াড় জেমস শামাঙ্গা।
এর আগে খেলার ৬৫ মিনিটে রেইফোর্ড কালাবাকে ফাউল করায় রেফারি মাঠ থেকে বের করে দেন সুদানের রক্ষণভাগের খেলোয়াড় সাইফেলদিন আলি ইদ্রিসকে। এর ফলেই পেনাল্টি কিক নেয়ার সুযোগ পেয়েছিলেন কাতোঙ্গো।
খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়রা মিশরে ফুটবল মাঠে সহিংসতায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। ভূমধ্যসাগরীয় বন্দর নগরী পোর্ট সৈয়দে গত বুধবার আল-আহলি ও আল-মাসরি ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৭৪ ব্যক্তি নিহত হন। আহত হন প্রায় এক হাজার।
অপর কোয়ার্টার-ফাইনালে দ্রগবা পেনাল্টি থেকে গোল করতে না পারলেও খেলার ৩৬ মিনিটে আর ভুল করেননি। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করে এগিয়ে নেন তিনি তার দলকে। ৬৯ মিনিটে আবারো গোল করে ব্যবধান বাড়ান দ্রগবা।
ফ্রি-কিক থেকে গোল করে ইয়া ইয়া তোরে ব্যবধান ৩-০ তে নিয়ে যান ৮১ মিনিটে।
রোববার কোয়ার্টার-ফাইনালে ঘানা খেলবে তিউনিসিয়ার বিপক্ষে। আর গ্যাবন মুখোমুখি হবে মালির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩০ ঘ.
bdnews24