ঢাকা, ফেব্র“য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত হামবুর্গের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। তারপরও মটি সরে গেছে দলটির পায়ের নিচ থেকে। দুই পয়েন্ট পিছিয়ে পড়েছে তালিকার শীর্ষ দল বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে।
হামবুর্গের মাঠে খেলার ২৩ মিনিটে জ্যাকোপো সালার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পাওলো গুয়েরেরোর আড়াআড়িভাবে দেয়া বল অত্যন্ত কাছ থেকে জালে পাঠিয়ে দেন তিনি।
আক্ষরিক অর্থেই বায়ার্নের খেলোয়াড়রা তাদের ছক অনুযায়ী খেলতে পারেননি। ফলে গোল শোধ করার জন্য তাদের অপেক্ষা করতে হয় ৭১ মিনিট পর্যন্ত। গোলটি দেন হামবুর্গেরই সাবেক খেলোয়াড় ইভিকা অলিচ। বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নেমে সাত মিনিট পর অত্যন্ত কাছ থেকে গোলটি করেন তিনি।
আগের দিন শুক্রবার নুরেমবার্গকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যায় বর্তমান চ্যাম্পিয়ন ডর্টমুন্ড।
দ্বিতীয় দল বায়ার্নের পয়েন্ট ২০ খেলায় ৪১। মেইনজের সঙ্গে ১-১ গোলে ড্র করে ৪১ পয়েন্ট নিয়ে শালকেও রয়ে গেছে বায়ার্নের সঙ্গে। ফলে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়লো তারাও।
খেলা শেষে বায়ার্ন কোচ জুপ হেইঙ্কেস খেলোয়াড়দের দায়ী না করে বলেন, তার দল ভালো খেলেছে। তবে দলটি নামের প্রতি সুবিচার করে খেলতে পারেনি।
দিনের অন্য খেলায় হ্যানোভার ১-০ গোলে হারায় হার্থা বার্লিনকে। এছাড়া হফেনহেইম ও অগসবুর্গের খেলা ২-২ এবং উলফসবুর্গ ও মনচেনগ্লাডবাখের খেলা গোলশূন্যভাবে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২২০ ঘ.
bdnews24