ঢাকা, ফেব্র“য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাভারিয়ার তীব্র ঠান্ডায় জমে যাওয়ার মতো সন্ধ্যায় রীতিমতো গরম খেলা উপহার দিয়েছে নুরেমবার্গ ও বর্তমান চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড। যদিও খেলায় হার মানতে হয় নুরেমবার্গকে ২-০ গোলে। সেই সঙ্গে বায়ার্ন মিউনিখ ও শালকেকে টপকে ডর্টমুন্ড উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে।
খেলার শুরু থেকেই উভয় দল খেলতে থাকে আক্রমণাত্বক ফুটবল। প্রথমে অবশ্য পরীক্ষা দিতে হয় ডর্টমুন্ড গোলরক্ষক রোমান ওয়েডেনফেলারকে। প্রতিপক্ষের চমৎকার দু’টি শট রুখে দেন তিনি। এরপরই পরীক্ষায় বসতে হয় নুরেমবার্গ গোলরক্ষক রাফায়েল স্কাফারকে। তার পরীক্ষা নেন রবার্ট লেওন্দোবস্কি ও শিনজি কাগাওয়া। পরীক্ষায় অবশ্য পাশ করেন স্কাফারও।
প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় ডটমুন্ড। মরিটজ লিয়েটনার নুরেমবার্গের রক্ষণভাগ চিড়ে বল ঠেলে দেন লুকাস পিসৎসজেককে।
সেই বল তিনি আবার বাড়িযে দেন সেবাস্টিয়ান কেলের গতি পথে। কের শট নেন চলন্ত বলে। এবার অবশ্য স্কাফারের করার কিছুই ছিল না। বল চলে যায় গোললাইন অতিক্রম করে।
খেলা শেষ হওয়ার আট মিনিট আগে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন বদলী খেলোয়াড় লুকাস রামোন বারিওস। কাগাওয়ার শট রুখে দিলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি স্কাফার। বল চলে যায় বারিওসের পায়ে। মাত্র দুই গজ দূর থেকে সেই বল জালে পাঠাতে কোনো অসুবিধা হয়নি তার। এটি ছিল মৌসুমে তার প্রথম গোল।
ডর্টমুন্ডের পয়েন্ট ২০ খেলায় ৪৩, তালিকার দ্বিতীয় দল বায়ার্ন মিউনিখ ও তৃতীয় দল শালকের চেয়ে তিন বেশি। শনিবার বায়ার্ন অতিথি হয়ে খেলতে যাবে হামবুর্গের মাঠে। আর শালকে স্বাগত জানাবে মেইন্জকে।
বায়ার্ন ও শালকের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে বায়ার্ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৩৭ ঘ.
bdnews24