ঢাকা, ফেব্র“য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জন টেরির কাছ থেকে শেষ পর্যন্ত কেড়েই নেয়া হলো ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ত্ব। তবে জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।
ইংল্যান্ড ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এক বিবৃতিতে বলেছে, ‘সব পক্ষের স্বার্থে’ চেলসির রক্ষণভাগের এই খেলোয়াড়কে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে অপসারনের এই সিদ্ধান্তের সঙ্গে ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলোর কোনো সংশ্লিষ্টতা নেই।
এতে আরো বলা হয়, জন টেরির বিরুদ্ধে চলমান মামলা জুলাই পর্যন্ত মুলতবী রাখার সিদ্ধান্ত নেয়ার পরিপ্রেক্ষিতে ফুটবল অ্যাসোসিয়েশন এই বিষয়টি নিশ্চিত করছে যে, তার বিরুদ্ধে আনীত অভিযোগের নিস্পত্তি না হওয়া পর্যন্ত তিনি ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করবেন না।
এর আগে বিভিন্ন প্রচার মাধ্যমে টেরিকে সরিয়ে দেয়া হচ্ছে বলে খবর বের হয়। এতে বলা হয়, এফএ চেয়ারম্যান ডেভিড বার্নস্টেইন সংস্থার বোর্ড সদস্যদের সঙ্গে টেরির বিষয়টি নিয়ে আলোচনা করেন। তখন বেশিরভাগ সদস্যই টেরিকে সরানো উচিত বলে মত দেন।
গত বছর অক্টোবরে কুইন্স পার্ক রেঞ্জার্সের রক্ষণভাগের খেলোয়াড় অ্যান্টন ফার্ডিনান্ডকে বর্ণবাদী শব্দ ব্যবহার করে গালি দেয়ার অভিযোগে টেরির বিরুদ্ধে মামলা চলছে।
চেলসির রক্ষণভাগের খেলোয়াড় টেরি নিজেকে নির্দোষ দাবি করেন।
এর আগেও একবার ৩১ বছর বয়স্ক টেরির অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০২৩ ঘ.
.
bdnews24