২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শুরু করলো মুক্তিযোদ্ধা

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 01:24 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। হেরে গেলেও ফরাশগঞ্জ দারুণ লড়াই করেছে। তাদের দুর্ভাগ্য, গোল দুটো হয়েছে শেষ চার মিনিটে। ৮৬ মিনিটে ব্রাজিলীয় মিডফিল্ডার ডি সুজা লিমা এগিয়ে দেন মুক্তিযোদ্ধাকে। মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়ে সতীর্থ নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবাকে পাস দেন লিমা। এরপর সানডের ব্যাক হিল থেকে বাঁ পায়ের আড়াআড়ি শটে বল জড়িয়ে দেন জালে (১-০)। গোল করে উজ্জীবিত মুক্তিযোদ্ধা দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুন করে ফেলে। শাকিল আহমেদের পাস থেকে জাহিদ হাসান এমিলির আলতো শটে নিশ্চিত হয়ে যায় তাদের জয় (২-০)। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে এই ফরাশগঞ্জের সঙ্গেই মুক্তিযোদ্ধার লড়াই নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে অমীমাংসিত ছিলো। পরে টাইব্রেকারে জিতেছিলো মুক্তিযোদ্ধা। খেলা শেষে মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক তার দলের এত দীর্ঘ সময় গোলবঞ্চিত থাকার জন্য প্রতিপক্ষের নেতিবাচক ফুটবলকে দায়ী করেন। তিনি বলেন, “তারা শুধু রক্ষণাত্মক ফুটবলই খেলেনি, ইচ্ছাকৃতভাবে সময় নষ্টও করেছে। তাতে খেলার গতি নষ্ট হয়েছে। তাই আমাদের গোল পেতেও দেরি হয়েছে।” “অবশ্য অনেক দেরিতে গোল পেলেও আমি সন্তুষ্ট। কারণ সুন্দর ফুটবল নয়, আমার লক্ষ্য ছিলো জয়,” যোগ করেন মানিক। ফরাশগঞ্জের কোচ কামাল বাবু নির্দ্বিধায় স্বীকার করলেন এক পয়েন্টের জন্য খেলার কথা। তিনি বলেন, “ আমাদের প্রতিপক্ষ খুবই শক্তিশালী দল। তাদের বিপক্ষে জয়ের চিন্তা করা বোকামি হতো। তাই আমরা তাদের কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নেয়ার লক্ষ্য নিয়ে খেলেছি। যদিও ছেলেরা তাতে সফল হয়নি।” “তবে আমরা নেতিবাচক ফুটবল খেলিনি। এমন শক্তিশালী দলের বিপক্ষে রক্ষণাত্মক খেলার কৌশলকে ভুল বলা যাবে না,” যোগ করেন কামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২০ঘ.