২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে পড়েছে আর্সেনাল

ব্লাকবার্ন রোভার্সকে বুধবার ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ চার দলের খুব কাছাকাছি পৌঁছে গেছে নিউক্যাসল ইউনাইটেড। আর বোল্টন ওয়ান্ডারার্সের সঙ্গে গোলশূন্য ড্র করে সপ্তম স্থানে নেমে গেছে আর্সেনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 07:02 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্লাকবার্ন রোভার্সকে বুধবার ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ চার দলের খুব কাছাকাছি পৌঁছে গেছে নিউক্যাসল ইউনাইটেড। আর বোল্টন ওয়ান্ডারার্সের সঙ্গে গোলশূন্য ড্র করে সপ্তম স্থানে নেমে গেছে আর্সেনাল। ব্লাকবার্নের মাঠে স্কট ড্যানের আত্মঘাতী গোলে খেলার ১২ মিনিটে এগিয়ে যায় নিউক্যাসল। যোগ করা সময়ের প্রথম মিনিটে নিউক্যাসলকে ব্লাকবার্নের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান বদলী খেলোয়ার গাব্রিয়েল ওবেরটান। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের চতুর্থ দল চেলসির খুব কাছাকাছি চলে এলো নিউক্যাসল, পয়েন্টের ব্যবধান মাত্র তিন। ২৩ খেলায় নিউক্যাসলের পয়েন্ট ৩৯। গত এক দশক ধরে কোচ আর্সেন ওয়েঙ্গারের অধীনে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের খেলা ছিল একটা নিশ্চিত ব্যাপার। কিন্তু এবার পড়েছে হুমকির মুখে। এরই মধ্যে চতুর্থ দলের চেয়ে তারা পিছিয়ে পড়েছে পাঁচ পয়েন্ট। অবশ্য বোল্টনের বিপক্ষে খেলায় ফুটবল বিধাতাও মুখ ফিরিয়ে নিয়েছিলেন আর্সেনালের দিক থেকে। রবিন ভন পার্সির দু’টি শট ফিরে আসে প্রতিপক্ষের গোলপোস্ট কাঁপিয়ে। এ নিয়ে চার খেলায় জয়ের মুখ দেখলো না আর্সেনাল। খেলা শেষে আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনার কথা জানতে চাইলে ওয়েঙ্গার বলেন, “দলের মধ্যে বিশ্বাস, আকাঙ্খা ও আস্থা - সবই আছে। আমরা জটিল একটা সময়ের মধ্য দিয়ে এই পর্যায়ে এসেছি। সামনে আরো লড়াই আছে এবং সে জন্য আমরা প্রস্তুত।” এছাড়া সান্ডারল্যান্ড ৩-০ গোলে নরউইচ সিটিকে হারায়। আর অ্যাস্টন ভিলা ও কুইন্স পার্ক রেঞ্জার্স এবং ফুলহ্যাম ও ওয়েস্ট ব্রমউইচের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড, দুই দলেরই পয়েন্ট ২৩ খেলায় ৫৪। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে সিটি। সমান খেলায় তৃতীয় দল টটেনহ্যামের পয়েন্ট ৪৯। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৪৬ ঘ.