ঢাকা, ফ্রেব্র“য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিংস কাপে স্বপ্নের মতো এগিয়ে চলছিল মিরান্দেস। কিন্তু সেমিফাইনালের প্রথম খেলায় ২-০ গোলে হোঁচট খেল অ্যাথলেটিক বিলবাও’র কাছে। গোল দুটো আসে ফার্নান্দো লরেন্তের পা থেকে। সে সঙ্গে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে নিলেন তিনি তার দলকে।
উৎসবের সাজে সেজেছিল স্পেনের উত্তরাঞ্চলীয় শহর মিরান্দা দে ইব্রো’র মিউনিসিপাল দে আন্দুভা স্টেডিয়াম। দর্শকরাও পেছনে এসে দাঁড়িয়েছিলেন নিজ শহরের দল মিরান্দেসের। কিন্তু তাদের উৎসবে ভাটার টান দেখা দেয় ১৭ মিনিটে। অস্কার দে মার্কোসের চমৎকার সেন্টারকে অত্যন্ত দক্ষতার সঙ্গে জালে পাঠান লরেন্তে।
নয় মিনিট পর দর্শদের হতাশার চাদরে ঢেকে দেন এই লরেন্তেই। তার নিচু করে মারা শট আশ্রয় নেয় জালে নিচের দিকের এক কোনায়।
তবে দ্বিতীয়ার্ধে ৬০ মিলিয়ন ইউরো বাজেটের বিলবাওকে ঘামিয়ে ছাড়ে ১.২ মিলিয়ন ইউরো বাজেটের মিরান্দেস। বেশ কয়েকবার প্রচণ্ড আক্রমণ চালায় তারা প্রতিপক্ষের গোলমুখে। ৬৪ মিনিটে হারতিজ মুজিকার শট ফিরে আসে ক্রসবার কাঁপিয়ে।
খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে বিলবাও গোলরক্ষক গোর্কা ইরাইজ চমৎকার দক্ষতায় রক্ষা করেন আলভারো কোরালের ভলি।
শেষ পর্যন্ত বিরতিহীন এই আক্রমণের ফল পায় মিরান্দেস। যোগ করা সময়ের প্রথম মিনিটে আন্দের লামবারির শট ঠিকানা খুঁজে পায় বিলবাওয়ের জালে।
এই গোল মিরান্দেস শিবিরে কিছুটা হলেও আশার সঞ্চার করেছে। দেখা যাক, ফিরতি খেলার অনুপ্রেরণা হয়ে উঠতে পারে কি না, এই গোলটি।
কিন্তু লোরেন্তে মনে করছেন, তার দল তৃতীয় বিভাগের দলটিকে ঠিকই ঠেকিয়ে রাখতে পারবে।
তিনি বলেন, ২-০ খুবই ভালো ফলাফল। কিন্তু ২-১-ও খারাপ নয়।
এর আগে মিরান্দেস প্রতিযোগিতা থেকে বিদায় করে দেয় লা লিগার দল ভিয়ারিয়াল, রেসিং সান্তান্দার ও এসপানিওলকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১১৩৬ ঘ.
bdnews24