ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ে উরুগুয়েকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ঘরের মাঠ মেনদোজায় বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়া খেলায় দুটি গোল আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির।
মঙ্গলবার চিলির মাঠে স্বাগতিক দলের বিপক্ষে বাছাই পর্বের নবম ম্যাচে খেলবে আর্জেন্টিনা। ৮ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে দিয়েগো ম্যারাদোনার দেশ। ১৬ পয়েন্ট নিয়ে গোল গড়ে দুই ও তিন নম্বরে রয়েছে কলম্বিয়া ও ইকুয়েডর।
তিনবারের ফিফা বর্ষসেরা মেসি ‘জাতীয় দলের হয়ে জ্বলে উঠতে পারেন না’ অপবাদকে মিথ্যা প্রমাণ করে ‘প্রতিশোধে’র মিশনে আর্জেন্টিনাকে সহজ জয় এনে দিয়েছেন। সবশেষ ৭ ম্যাচে দুটো হ্যাটট্রিকসহ ১২ গোল করে সমালোচকদের দাঁতভাঙ্গা জবাব দিয়ে চলেছেন তিনি।
‘ফ্যান্টাস্টিক ফোর’ নামে পরিচিত মেসি, গঞ্জালো হিগুয়াইন, অ্যাঞ্জেল ডি মারিয়া ও সার্জিও আগুয়েরো বারবার উরুগুয়ের রক্ষণভাগে ভীতি ছড়ালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
৬৬ মিনিটে মেসি-ডি মারিয়ার বুদ্ধিদীপ্ত ফুটবলের ফসল আর্জেন্টিনার প্রথম গোলটি। মেসির নিখুঁত পাস বক্সে ডি মারিয়াকে খুঁজে ফেলে এলোমেলো হয়ে পড়ে অতিথিদের রক্ষণভাগ।
বক্সে মেসি, আগুয়েরো ও হিগুয়াইনের উপস্থিতিতে কাকে রেখে কাকে পাহারা দেবেন ঠিক করার আগেই ডি মারিয়ার ডিফেন্স চেরা পাসে বল বাড়িয়ে দেন আগুয়ান মেসির উদ্দেশে, যেন জানতেন ঠিক সেখানেই যাবেন আর্জেন্টিনা অধিনায়ক। বাঁ পায়ের আলতো টোকায় স্বাগতিকদের এগিয়ে নিতে কোনো ভুল করেন নি মেসি।
৯ মিনিট পরে দ্বিতীয় গোলটির স্থপতি মেসি-ডি মারিয়া। বক্সের বাম প্রান্তে মেসির পাস থেকে নিজে শট না নিয়ে ডি মারিয়া বল বাড়িয়ে দেন ফাঁকায় দাঁড়ানো আগুয়েরো, হিগুয়াইনের দিকে। খুব কাছ থেকে আগুয়েরোর শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো সুযোগই ছিল না।
পুরো ম্যাচে আর্জেন্টিনার কৌশল, নিখুঁত পাসিং ও বুদ্ধিদীপ্ত ফুটবলের সঙ্গে পেরে উঠেনি গত কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে স্বাগতিক আর্জেিিন্টনাকে টাইব্রেকারে বিদায় করে শেষ পর্যন্ত শিরোপাও ঘরে তুলে নেয়া উরুগুয়ে।
খেলা শেষ হওয়ার মিনিট দশেক আগে আগুয়েরোর সৌজন্যে পাওয়া ফ্রিকিক থেকে গোল করে আর্জেন্টিনার সহজ জয় নিশ্চিত করেন মেসি। ‘মানব দেয়ালের’ ওপর দিয়ে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে সিদ্ধহস্ত মেসিকে ঠেকাতে যতটা সম্ভব লাফিয়ে উঠেছিলেন সুয়ারেজ, কাভানিরা। কিন্তু সে পথেই যান নি মেসি, মাটি কামড়ানো শটে সবাইকে ফাঁকি দিয়ে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন তিনি।
পরের মিনিটেই হ্যাটট্রিক পেয়ে যেতে পারতেন মেসি। হিগুয়াইনের পাস বক্সে তাকে খুঁজে পেলেও মেসি উরগুয়ের গোলরক্ষককে সে যাত্রায় আর পরাস্ত করতে পারেননি।
ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেলা বলেন, “অভিজ্ঞ একটি দলের বিপক্ষে অসাধারণ খেলেছে ফুটবলাররা।”
দিনের অন্য ম্যাচে ‘গোল মেশিন’ রামাদেল ফ্যালকাওয়ের জোড়া গোলে ঘরের মাঠে পয়েনট তালিকায় সবার নিচে থাকা প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়েছে কলম্বিয়া।
ঘরের মাঠে আত্মঘাতী গোলে চিলির বিপক্ষে পিছিয়ে পড়লেও ফেলিপ ক্যাইসিডোর জোড়া গোলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইকুয়েডর। খেলার ৫৪ মিনিটে কন্টেরাস ও ৮৬ মিনিটে ভিদাল লালকার্ড দেখে মাঠ ছাড়লে নয়জনের দলে পরিণত হয় অতিথিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯০৫ ঘ.
bdnews24