ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দল থেকে অবসর নিয়েছেন অনেক দিন আগে। এবার ক্লাব ফুটবলকেও বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ডিফেন্ডার ফিরোজ মাহমুদ টিটু। শনিবার আনুষ্ঠানিকভাবে ফুটবল-জীবনের ইতি টানবেন তিনি।
জাতীয় দলের জার্সি গায়ে ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত খেলার অভিজ্ঞতা টিটুর। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের গর্বিত সদস্য তিনি। দুই বছর পর শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত এসএ গেমসে তার অধিনায়কত্বেই খেলেছিল বাংলাদেশ।
টিটুর ফুটবল-জীবনের সূচনা ১৯৯১ সালে, বিকেএসপির হয়ে। এর পর অনূর্ধ্ব-১৬ দল হয়ে আরো কয়েকটি বয়সভিত্তিক দল পেরিয়ে জাতীয় দলে সুযোগ পান তিনি। ঘরোয়া ফুটবলে মুক্তিযোদ্ধার আগে তার ঠিকানা ছিল আবাহনী, মোহামেডান ও ব্রাদার্স।
অবসরের সিদ্ধান্ত প্রসঙ্গে টিটু বলেন,“অনেক দিন তো খেললাম। এখন ব্যবসা নিয়েই বেশি ব্যস্ত থাকতে হয়। তাই ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি। অবশ্য ভবিষ্যতে কোচিংয়ের মাধ্যমে আবার ফুটবলে ফিরতেও পারি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৫ঘ.
bdnews24