২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর শুভ সূচনা

গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের সূচনা ম্যাচে সহজ জয় পেয়েছে আবাহনী লিমিটেড। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে যশোর ডিএফএ একাদশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের সূচনা ম্যাচে সহজ জয় পেয়েছে আবাহনী লিমিটেড। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে যশোর ডিএফএ একাদশকে। আবাহনীকে জেতালেন দুই নতুন খেলোয়াড় আব্দুল বাতেন কোমল ও আতিকুর রহমান মিশু। দু’জনই এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ছেড়ে আবাহনীতে যোগ দিয়েছেন। ম্যাচের ২৫ মিনিটে মিডফিল্ডার আব্দুল বাতেন কোমল এগিয়ে দেন আবাহনীকে। ডিফেন্ডার ওয়ালী ফয়সালের ক্রসে ভলি শটে লক্ষ্যভেদ করেন কোমল (১-০)। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুন আরেক মিডফিল্ডার আতিকুর রহমান মিশু। কোমলের পাসে মিশু আড়াআড়ি শটে পরাস্ত করেন যশোর গোলরক্ষক মোহাম্মদ শাওনকে (২-০)। দুই নতুন খেলোয়াড়ের গোলে আবাহনী এদিন সহজ জয় পেলেও তারা মোটেও ভালো খেলেনি। বিশেষ করে দুই স্ট্রাইকার এনামুল হক ও শাখাওত হোসেন রনি ছিলেন একেবারেই ফ্লপ। এই হারেও খুশি যশোর কোচ কাজী জামাল। তিনি বলেন, “আবাহনীর মতো শক্তিধর দলের কাছে দুই গোলে হারাটাও আমাদের জন্য অনেক বড় ব্যাপার। তাছাড়া নিয়মিত একাদশের ছয় খেলোয়োড়কে ছাড়াই আমাদের মাঠে নামতে হয়েছে। তা না হলে আরো ভালো করতে পারতো দল।” আবাহনী কোচ অমলেশ সেন দলের এমন জয়ে খুব একটা খুশি নন। তিনি বলেন, “প্রথম ম্যাচ, তাই ছেলেরা নিজেদের মতো করে খেলেছে। তাছাড়া শুরুতেই দুই গোলে এগিয়ে যাওয়ায় খেলোয়াড়রা একটু নির্ভার হয়ে খেলেছে। আর এই কারণেই সম্ভব হয়নি বড় জয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০১০ঘ.