ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্প্যানিশ লা লিগার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ‘এল ক্লাসিকো’ ২-২ গোলে ড্র হয়েছে। ন্যু ক্যাম্পে রোববারের ম্যাচে বার্সেলোনার দুটি গোলই লিওনেলি মেসির আর রিয়াল মাদ্রিদের দুটি গোলই ক্রিস্টিয়ানো রোনালদোর।
আগের ছয় খেলায় জয় পাওয়া বার্সা এই প্রথম পয়েন্ট হারাল। তারপরও ৭ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই টিটো ভিলানোভার দলটি। সমান খেলায় ১১ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে রিয়াল।
টানাটান উত্তেজনার ম্যাচে শুরুতে ম্যাচের নিয়ন্ত্রন ছিল রিয়ালের হাতেই। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি করিম বেনজামা নষ্ট না করলে ১৪ মিনিটেই এগিয়ে যেতে পারতো রিয়াল। রোনালদোর নিখুঁত ক্রস বক্সে বেনজামাকে পেলেও তাড়াহুড়ো করে বাইরে মারেন বেনজামা। সে সময় গোলরক্ষক ভিক্টর ভালদেজ ছাড়া তার সামনে কেউই ছিলেন না।
মিনিট ছয়েক পরে রোনালদোর কর্নার রামোসকে খুঁজে পেলে আবারো সুযোগ আসে অতিথিদের সামনে। রামোসের হেড লক্ষ্যে না পৌঁছায় সে যাত্রায় বেঁচে যায় স্বাগতিকরা।
২৩ মিনিটের সময় আর পার পায়নি বার্সা। নিজেদের রক্ষণভাগে বিপদজনকভাবে বল ঘুরাঘুরি করলেও বার্সার কোনো ডিফেন্ডার চ্যালেঞ্জ জানাতে যাননি। তার মাসুল দিতে হয় গোল হজম করে। এল ক্লাসিকোয় টানা ছয় ম্যাচে গোল করে রোনালদো রিয়ালকে এগিয়ে নেন।
দুই মিনিট পরেই স্কোরলাইন ২-০ করার সুযোগ পেয়েছিলেন এই ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাওয়া মেসুত ওজিল। অ্যাঞ্জেল ডি মারিয়া বক্সে ওজিলকে খুঁজে পেলেও তিনি জাল খুঁজে পান নি। বারে মেরে আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন এই জার্মান তারকা।
পিছিয়ে পড়ে জেগে উঠে কার্লোস পুয়োল ও জেরার্ড পিকের মত প্রথম পছন্দের দুই ডিফেন্ডারকে ছাড়া খেলতে নামা বার্সা। স্বাগতিকদের সমতা ফেরানো গোলটি পরিকল্পিত কোনো আক্রমণ থেকে আসেনি। বক্সে আলগা বল পেয়ে ইকর ক্যাসিয়াসকে পরাস্ত করতে কোনো ভুল করেননি মেসি। পেপে হেড করে বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো মেসিকে সহজ সুযোগটি তৈরি করে দেন।
দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ফ্রিকিক থেকে মেসির দর্শনীয় গোলে এগিয়ে যায় বার্সা। বামদিকে ঝাঁপিয়ে পড়েও ক্যাসিয়াস বলের নাগাল না পেলে ২-১ গোলে পিছিয়ে পড়ে গত আসরের চ্যাম্পিয়নরা।
সমতা ফেরাতে বেশিক্ষণ সময় নেয়নি রিয়াল। বার্সার ডিফেন্ডারদের বোকা বানিয়ে ওজিলের বুদ্ধিদীপ্ত পাস থেকে আলতো টোকায় ৬৬ মিনিটে ভালদেজকে পরাস্ত করতে কোনো সমস্যা হয়নি শেষ দুই খেলায় হ্যাটট্রিক করা রোনালদোর।
এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি করে বার্সা। ৮৯ মিনিটে মনটোয়ার শট ক্রস বারে ও দুই মিনিট পর পেড্রোর শট লক্ষ্য ভ্রষ্ট হলে ড্র লিগে প্রথম পয়েন্ট হারায় বার্সা।
দিনের অন্য ম্যাচে গ্রেনাডা ২-১ গোলে হারিয়েছে মায়োর্কাকে। ১-০ গোলে লেভেন্তে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। একই ব্যবধানে ওসাসুনাকে হারিয়েছে অ্যাথলেতিকো বিলবাও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০১৪২ ঘ.
bdnews24